ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল হালিম।
শনিবার (৪ এপ্রিল) গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানীপাড়ায় দারুল আমান ট্রাষ্ট মিলনায়তনে দলের দায়িত্বশীল সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেও এখন তারা সনদের আইনি ভিত্তির প্রশ্নে গড়িমসি করছে। বিএনপি ৩১ দফায় সংবিধান সংস্কারের কথা বললেও ভোটের পরে তা ভুলতে বসেছে।
জেলা জামায়াতের আমির ও গাইবান্ধা- ২ (সদর) আসনের এমপি আব্দুল করিমের সভাপতিত্বে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন ও পর্যবেক্ষন নিয়ে দায়িত্বশীল সমাবেশে দলের নেতাকর্মীদের পাশাপাশি গাইবান্ধা- ১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মাজেদুর রহমান, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের এমপি নজরুল ইসলাম লেবু ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের এমপি আব্দুল ওয়ারেছ এবং কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।