× Banner
সর্বশেষ
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান বেনাপোলের সেই মর্মান্তিক পিকনিক ট্রাজেডিতে নিহতদের আজও ভুলতে পারেনি সীমান্ত জনপদ জামায়াত আমিরের বাসায় তারেক রহমান ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাবি অধ্যাপকসহ ৫ জনকে নিয়ে গেল পুলিশ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন – প্রধান উপদেষ্টা তারেক রহমানের শপথে আসছেন না নরেন্দ্র মোদি – আসছেন স্পিকার ওম বিড়লা নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে – প্রেস সচিব আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি – পরিবেশ উপদেষ্টা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জ-৩ আসনের জনগণ মন্ত্রী হিসেবে দেখতে চায় – এস এম জিলানীকে

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোলের সেই মর্মান্তিক পিকনিক ট্রাজেডিতে নিহতদের আজও ভুলতে পারেনি সীমান্ত জনপদ

ACP
হালনাগাদ: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
বেনাপোলের সেই মর্মান্তিক পিকনিক ট্রাজেডিতে নিহতদের আজও ভুলতে পারেনি সীমান্ত জনপদ

“কেউ কথা রাখেনি”-একযুগ পেরিয়েও যেন সেই আক্ষেপই ঘুরে ফিরে আসে বেনাপোলবাসীর মনে। ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট সোনামনিরা শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে পিকনিকে গিয়েছিল ঐতিহাসিক মুজিবনগরে। সারাদিন আনন্দ-উল্লাস শেষে ফেরার পথে যশোরের চৌগাছা উপজেলার ঝাউতলা কাঁদবিল এলাকায় নেমে আসে অমানিশার কালো ছায়া। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই নিভে যায় ৯টি শিশুর প্রাণ।
সেদিন বেনাপোলে ফিরে আসে শুধু নিথর দেহ-ফিরে আসেনি তাদের ‘মা’ বলে ডাকার সেই কণ্ঠ। লাশের দীর্ঘ সারিতে ভারী হয়ে উঠেছিল পুরো এলাকা, শোকের ছায়া নেমে এসেছিল গোটা যশোরজুড়ে। সেই মর্মান্তিক দুর্ঘটনায় চিরদিনের জন্য অন্ধকার নেমে আসে ৯টি হাসি-খুশি পরিবারে।
ঘটনাটিকে স্মরণীয় করে রাখতে ১৫ ফেব্রুয়ারিকে ‘পৌর শোক দিবস’ ঘোষণা করা হয়। পাশাপাশি বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থাপন করা হয় ৯টি রক্তাক্ত কবুতর খচিত একটি ¯স্মৃতিভাস্কর্য। প্রতিবছর দিবসটি উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শোকর‌্যালি, ফুলেল শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছিল।
তবে এবারের দিবসটি ঘিরে দেখা যায় ভিন্ন চিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে দিবসটির নীরবতা নিয়ে ছবি ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। প্রতিবছরের মতো সাজানো হয়নি ভাস্কর্য, ছিল না আনুষ্ঠানিক ফুলেল শ্রদ্ধা কিংবা যথাযথ দোয়ার আয়োজন। ফলে মানুষের মুখে উচ্চারিত হতে থাকে একটাই কথা-“কেউ কথা রাখেনি।”
পরে বেনাপোলবাসীর সমালোচনার মুখে দিবসের দ্বিতীয় প্রহরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মোস্তাফিজ্জোহা সেলিমের নেতৃত্বে ‘সৃজন শিখা’ নামের একটি সামাজিক সংগঠন প্রধান সড়কে শোকর‌্যালি এবং বিদ্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
এদিকে, সন্তান হারানো পরিবারগুলোর বেদনা আজও অমলিন। নিহত গাজিপুর গ্রামের সাব্বিরের বাবা সেকেন্দার আলী বলেন, “পৌর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল প্রতি বছর শোক দিবস পালন হবে। কিন্তু কেউ কথা রাখেনি। সাব্বিরের মা এখনও রাস্তার দিকে তাকিয়ে থাকে-ভাবেন, খোকা বুঝি ফিরে আসবে।”
এমনই আক্ষেপ জানিয়েছেন সেদিন সন্তান হারানো আরও কয়েকটি পরিবার। বেনাপোল পৌর কর্তৃপক্ষ, স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব কিংবা স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে দিবসটি যথাযথভাবে পালন না করায় তারা গভীরভাবে মর্মাহত বলে জানান।
একযুগ পেরিয়ে গেছে। প্রতিদিন সূর্য ফিরে আসে, জোৎসনা নামে-শুধু ফিরে আসে না সেই ৯টি সোনামণি। আর প্রতি বছরের ১৫ ফেব্রুয়ারি হৃদয়ের গভীর ব্যথা নিয়ে স্কুল প্রাঙ্গণে জড়ো হন অভাগা মা-বাবা ও স্বজনরা।
উল্লেখ্য, সেদিনের সেই ভয়াল পিকনিক ট্রাজেডিতে হারিয়েছি যাদের- বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া গ্রামের সৈয়দ আলীর দুই মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী সুরাইয়া (১০) ও তার বোন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জেবা আক্তার(৮), ইউনুস আলীর মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী মিথিলা(১০), রফিকুল ইসলামের মেয়ে চতূর্থ শ্রেণীর ছাত্রী রুনা আক্তার মীম(৯), লোকমান হোসেনের ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র শান্ত(৯), গাজিপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র সাব্বির হোসেন(১০) ও নামাজ গ্রামের হাসান আলীর মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী আঁখি(১১)। ঘটনার ১৩ দিন পর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোটআঁচড়া গ্রামের মনির হোসেনের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র ইকরামুল(১১)। ৩২ দিন পর ১৯ মার্চ, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইয়ানুর রহমান (১১)।


এ ক্যটাগরির আরো খবর..