হাবিবুর রহমানঃ বাংলাদেশ ভোজ্য তেল বাজারে বিশুদ্ধ ও পুষ্টিকর খাবার তেল সরবরাহের লক্ষ্য নিয়ে সেনা কল্যাণ সংস্থা বাস্তবায়ন করতে যাচ্ছে একটি নতুন প্রকল্প ‘‘সেনা কল্যাণ এডিবল অয়েল ইন্ডাষ্ট্রিজ’’।
আজ ০৭ ফেব্রুয়ারী মঙ্গলবার এক আনন্দঘন পরিবেশে সেনা কল্যাণ সংস্থার বোর্ডরুমে লিপিকো টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, সিংগাপুর, সিএনবিএম ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড, চায়না এবং অলীক সার্ভিসেস এন্ড অনকোসিস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর সাথে সেনা কল্যাণ সংস্থার এক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
সেনা কল্যাণ এডিবল অয়েল ইন্ডাষ্ট্রিজ এর প্রকল্প পরিচালক কর্ণেল মামুন আল মাহমুদ এর সভাপতিত্ত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি পরিচালিত হয়।
চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিপিকো টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, সিংগাপুর এর পরিচালক মিস মারগারেট এএনজি এ ডব্লিউ, সিএনবিএম ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড, চায়না এর সেলস সুপারভাইজার ঝাং ঝি এবং অলীক সার্ভিসেস এন্ড অনকোসিস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর স্বত্ত্বাধিকারী মাহরাব আনোয়ার ও মোঃ ইমরেজ চৌধুরী। উক্ত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান, এনডিইউ, পিএসসি। অনুষ্ঠানে সংস্থার পরিচালক মন্ডলীর সদস্য ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্দ্ধতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান, এনডিইউ, পিএসসি বলেন, সেনা কল্যাণ সংস্থা অবিরত কাজ করে যাচ্ছে সাবেক সেনা কর্মকর্তা এবং কর্মচারীদের কল্যাণের লক্ষ্যে। এছাড়াও সেনা কল্যাণ সংস্থা পণ্যের মান নিয়ে আপোষহীন। বক্তব্যে তিনি উক্ত চুক্তিস্বাক্ষর নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন সময়মতো সব কাজ সফলভাবে শেষ করার মাধ্যমে সেনা কল্যাণ সংস্থা সেই একই মান নিয়ে নতুন পণ্যের সাথে ভোক্তাদের কাছে পৌঁছে যাবে।