এবার ভারতের বাংলায় সব হিন্দু পুরোহিতকে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিল ক্ষমতাসীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। বিজেপিকে আটকাতে ধর্মীয় তাস খেলল তৃণমূল কংগ্রেস সরকার।
শুক্রবার রানি রাসমনি রোডে পুরোহিতদের একটি সভায় মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। তিনি বলেন, “ভাতা আমরা লড়াই করে আনবো। আপনাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করব।”
বিজেপির নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা রাজনৈতিক দল শুধু রাজনীতি করে শ্রীরামকে এজেন্ট করছে। তাদের ধিক্কার জানাই। ব্রাহ্মণরা আগামী দিনে পথ দেখাবেন। কেউ কেউ আমাদের ছিবড়ের মতো ব্যবহার করে ফেলে দিয়েছে। ” এর আগে অনুব্রত মন্ডলের গড়ে পুরোহিত সম্মেলনের আয়োজন হয়েছিল। কিন্তু খাস কলকাতার বুকে পুরোহিত সম্মেলন এই প্রথম। সারা রাজ্যের পুরোহিতরা উপস্থিত হয়েছিলেন এই সম্মেলনে।
উল্লেখ্য, এদিনের সভায় পুরোহিতদের দাবি ছিল, ব্রাহ্মণদের পরিচয়পত্র দিতে হবে। গৃহহীন ব্রাহ্মণদের বসবাসের ব্যবস্থা করতে হবে । জেলায় জেলায় সংস্কৃত কলেজ করতে হবে। পুরোহিতদের স্বাস্থ্য বিমা দিতে হবে । প্রবীণ পুরোহিতদের জন্য ভাতা দিতে হবে । জেলার বিদ্যালয় সংস্কৃত পঞ্চম শ্রেণি থেকে বাধ্যতামূলক করতে হবে। তবে এই সব দাবি মানা হবে কিনা সে ব্যাপারে রাজীব বন্দোপাধ্যায় কোনও প্রতিশ্রুতি দেননি।



