বিশেষ প্রতিবেদকঃ অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালার গেজেট সংক্রান্ত বিষয়ে আপিল বিভাগের আদেশের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গেল ১৩ ডিসেম্বর আপিল বিভাগের আদেশের জন্য আজ ২ জানুয়ারি মঙ্গলবার দিন ধার্য করা হয়েছিল। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন।
মাসদার হোসেন মামলায় ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিমকোর্টের আপিল বিভাগ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ঐতিহাসিক এক রায় দেন। রায়ে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে ১২ দফা নির্দেশনা দেয়া হয় রায়ে। ওই রায়ের আলোকে ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগের কার্যক্রম শুরু হয়। রায়ের নির্দেশনা অনুযায়ী গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার একটি খসড়া প্রস্তত করে সুপ্রিমকোর্টে পাঠায়। খসড়াটি ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার অনুরূপ হওয়ায় তা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী বলে জানায় আপিল বিভাগ। পরে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা সংশোধন করে গেজেট প্রকাশের নির্দেশ দেয় আপিল বিভাগ। তা প্রকাশে কয়েক দফা সময়ও নেয় রাষ্ট্রপক্ষ।
এরই মধ্যে আবারো গেল ২৭ জুলাই বিধিমালার একটি খসড়া আইনমন্ত্রী আনিসুল হক আপিল বিভাগে দাখিল করে। পরে খসড়াটির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আদালত। এরই প্রেক্ষিতে সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে বসার আহ্বান জানায় প্রধান বিচারপতি। এর মধ্যে গেল ১৬ নভেম্বর রাতে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক। ওইদিন বৈঠক শেষে আইনমন্ত্রী বলেছিলেন,বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। গত ১১ ডিসেম্বর এ গেজেট প্রকাশিত হয়।



