পাবনায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ১৭

পাবনা প্রতিবেদকঃ  পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে বাধা দেয়ার জেরে পুলিশের সঙ্গে বিএনপি-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষ চলাকালে পুলিশ ৪১ রাউন্ড শটগানের গুলি ও ৭টি টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মী ও পুলিশসহ ১৭ জন আহত হয়েছেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আরটিভি অনলাইনকে জানান, অনুমতি ছাড়া ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বের করছিল। এসময় পুলিশ বাধা দিলে বিএনপি ছাত্রদলের নেতাকর্মী ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ৭ পুলিশ সদস্য আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সেসময় পুলিশ অভিযান চালিয়ে ৩০ নেতাকর্মীকে আটক করে।

নেতাকর্মীরা জানান, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র‌্যালি বের করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় দলীয় কার্যালয়ের সামনেই পুলিশ তাদের বাধা দেয়। পরে ক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশও তাদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান জাফির তুহিনসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।