বিশেষ প্রতিবেদক : ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর আদেশ দিতে আগামী ১৯ মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করেন।
আদালতে মাহতাব চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।গত বছরের ২৮ নভেম্বর মাহতাব চৌধুরীর জামিন স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। শুনানি শেষে আপিল বিভাগ আদেশের দিন ধার্য করেন।
গত ২৪ নভেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মাহতাব চৌধুরীকে ছয় মাসের জামিন দেন। পরে এই জামিন স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ সময় তাঁর সঙ্গে থাকা প্রাক্তন উপজেলা চেয়ারম্যান, স্থানীয় পত্রিকার সম্পাদকও গাড়িচালকও দগ্ধ হন।ওই দিন রাত ১টার দিকে নিহত একরামুল হকের বড় ভাই তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরীকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় ৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা দায়ের করেন।



