উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের কুড়াগাও এলাকায় এনা পরিবহণ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৩ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার ঈমান উলাহর ছেলে গরু ব্যবসায়ী সমছু মিয়া (৫৫) ও একই এলাকার সনর মিয়ার ছেলে সুমেল মিয়া (৩৫)। এ ঘটনায় আহতরা হলেন- সাবেক নারী ইউপি সদস্য (মেম্বার) জোসনা আক্তার (৫৫) ও বুলবুল মিয়া (৪৫)। এছাড়া বাকি ১ জনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়- সোমবার রাত সাড়ে ৮ টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহণের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত আরও তিনজন সিএনজি অটোরিকশা যাত্রী।
স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় আধা ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান-খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।