পরিবেশবান্ধব সবুজ কারখানার সার্টফিকেশন দিয়ে থাকে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি)। আজ নতুন করে কেডিএস আইডিআর লিমিটেড নামে আরও একটা কারখানা প্লাটিনাম ক্যাটাগরিতে ‘গ্রিন ফ্যাক্টরি’ স্বীকৃতি পেয়েছে। নতুন স্বীকৃতি পাওয়া কারখানাটি নিয়ে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭টিতে।
আজ সোমবার (৬ ফ্রেব্রুয়ারি) বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে। এই তালিকায় বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব ১০০ কারখানার মধ্যে ৫০টিই এখন বাংলাদেশের।
সবুজ কারখানার (গ্রিন ফ্যাক্টরি) তালিকায় দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছে বাংলাদেশ। নতুন স্বীকৃতি পাওয়া কেডিএস আইডিআর লিমিটেড চট্টগ্রামের কালুরঘাট এলাকার মোহরায় অবস্থিত। কারখানাটি রেটিং পয়েন্ট ৮৪ নিয়ে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে।
এছাড়া গ্রিন ফ্যাক্টরির তকমা পেতে প্রক্রিয়ায় রয়েছে আরও ৫৫০টির বেশি কারখানা।
কিভাবে পাওয়া যায় পরিবেশ বান্ধব সবুজ কারখানা সার্টিফিকেট
এ বিষয়ে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, সবুজ কারখানার (গ্রিন ফ্যাক্টরি) নিয়ে বর্তমানে যে সচেতনতা বা অর্জন, এই বীজ বপন করা হয়েছিল অনেক আগে। সেই প্রচেষ্টার ফল আমরা এখন পাচ্ছি। চলমান অর্থনৈতিক খারাপ পরিস্থিতির মধ্যে এটি অত্যন্ত আনন্দের সংবাদ। মেশিন সবার কাছে আছে, মানুষও সবার কাছে। কিন্তু কে কী ভ্যালু অ্যাড করল আগামী দিনে সেটিই আসলে সামনে ভূমিকা রাখবে।
বিজিএমইএর এই পরিচালক আরও বলেন, আপাতদৃষ্টিতে যদি মনে হয়েও থাকে আমরা এই খাতে বেশি বিনিয়োগ করছি, ভবিষ্যতে কিন্তু সেটি কমে আসবে। পরিবেশগতভাবেও আমরা উপকৃত হব। বহির্বিশ্বের সঙ্গে যদি আমরা প্রতিযোগিতা করে চলতে চাই, প্রতিযোগিতায় টিকে থাকলে হলে আমাদের এ ধরনের ভ্যালু অ্যাড করেই চলতে হবে।
‘বাইরের ক্রেতারা জানতে চায়, তাদের কাপড়টি কোথা থেকে এসেছে, কীভাবে তৈরি হয়েছে, কোন পরিবেশে তৈরি হয়েছে, ক্ষতিকর কেমিক্যাল আছে কি নাই। এক্ষেত্রে লিড সার্টিফিকেটের বিকল্প নেই। এটি দেশের পোশাক খাতের ভাবমূর্তি উজ্জ্বল করছে।’ পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও প্রতিযোগী সক্ষমতা বাড়াতে লিড সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ।