সারাদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নানা অভিযোগ, বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে । অনেক স্থানে ইতোমধ্যেই ভোট গণনা শুরু হয়ে গেছে। এমন অবস্থায় ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে তিনি লিখেছেন, ‘পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছাড়বেন না।’
পরে ফেসবুকে দেয়া আরেক পোস্টে জামায়াতের আমির লিখেছেন, ‘মহান রাব্বুল ইজ্জত একান্ত মেহেরবানীতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়- আমরা সবাই সিজদায় পড়বো। মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করবো এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করবো।’
এর আগে দেয়া পৃথক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রিয় দেশবাসী, গতকাল থেকেই আপনারা সকল গুজবকে পরাজিত করেছেন এবং ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছেন। আজ সকাল থেকেই আপনারা উৎসবের মতো করে ভোট দিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে। কিন্তু, আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি, দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের ওপর হামলা করে জখম করা হচ্ছে। নারীদের হেনস্তা করা হচ্ছে। বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা দেশবাসীকে অনুরোধ করবো, যেভাবে আপনারা এখন পর্যন্ত ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন, সেভাবেই ফলাফল আসার আগ পর্যন্ত আপনারা আপনাদের ভোটকে রক্ষা করুন। আপনার মূল্যবান ভোটটি যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সে জন্য আপনারা ভোটকেন্দ্রগুলোর পাহারাদার হয়ে যান, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।’
জামায়াতের আমির বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা এখন পর্যন্ত অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছেন সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য। কিন্তু, আরও তড়িৎ পদক্ষেপ প্রয়োজন বলে দেশবাসী মনে করে। আমরা দেখতে পাচ্ছি, কেউ কেউ কেন্দ্র দখল, ব্যালট ছিনতাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রকে কঠোর হস্তে দমন করার উদাত্ত আহ্বান জানাই। জনগণের ভোটের আমানতকে রক্ষা করুন। জনগণের পাশে থাকুন।’