প্রশ্নফাঁসের মামলায় ঢামেকের দুই ব্রাদার ৩ দিনের রিমান্ডে

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দুই সিনিয়র স্টাফের (ব্রাদার) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এরা হলেন, ঢামেকের জরুরি বিভাগে কর্মরত ব্রাদার মো: আরিফুল ইসলাম ও মেডিসিন ওয়ার্ডে কর্মরত ব্রাদার মো: সাইফুল ইসলাম।

সাত দিন করে রিমান্ড আবেদনের শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকী তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৭ নভেম্বর তাদের আদালতে হাজির করে এই রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ। ওইদিন আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে ২০ নভেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন। রিমান্ড আবেদনের শুনানিকালে আসামীদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এর আগে গত ১৬ নভেম্বর দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনের পাশের রাস্তা থেকে আসামীদের গ্রেপ্তার করে ডিবি উত্তর বিভাগের একটি দল। আসামীদের মধ্যে সাইফুল বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ঢামেক শাখার ছাত্রবিষয়ক সম্পাদক ও আরিফুল ইসলাম স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ আনিস গ্রুপ) যুগ্ম সাধারণ সম্পাদক।

গত ৬ অক্টোবর রাজধানীর ১০টি কেন্দ্রে মোট চার হাজার ছয়শ সিনিয়র স্টাফ নার্স (ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি তিন হাজার ছয়শ ও মিডওয়াইফ এক হাজার) নিয়োগ পরীক্ষার বিপরীতে ১৬ হাজার নয়শ’ জন অংশগ্রহণ করেন। এতে শিউলি, হাসনাহেনা, রজনীগন্ধা, কামিনী নামে চার সেটের প্রশ্নপত্র ছাপে পিএসসি। কিন্তু সব সেটের প্রশ্ন ফাঁস হয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।