আন্তর্জাতিক ডেস্ক: প্যারিসে নিজেকে উড়িয়ে দিয়েছেন এক নারী।প্যারিস হামলায় জড়িতদের সন্ধানে সেন্ট ডেনিসে ফরাসি পুলিশের অভিযানের সময় এই কাজটি করেন তিনি। এছাড়াও নিহত হয়েছেন আরও দু’জন। ধারণা করা হচ্ছে, নিহতরা শুক্রবারের (১৩ নভেম্বর) হামলায় জড়িত ছিলেন। এই অভিযানে অংশ নিচ্ছেন শতাধিক পুলিশ ও সেনা সদস্য।
শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ও এর আশেপাশের ছয়টি পৃথক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এসব হামলায় নিহত হন শতাধিক মানুষ। এছাড়া আহত আরও তিন শতাধিক।এই হামলায় জড়িতদের সন্ধানেই বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টা) বিশেষ অভিযান শুরু করেন ফ্রান্সের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর মাধ্যমে জানা গেছে, সোয়াত ও বিশেষ বাহিনীর সদস্যরা সেন্ট ডেনিসে একটি অ্যাপার্টমেন্ট ঘেরাও করেছেন। ধারণা করা হচ্ছে, প্যারিস হামলার মূল হোতা আব্দেলহামিদ আবাউদ (২৭) এই অ্যাপার্টমেন্টেই আত্মগোপন করে আছেন।আত্মঘাতী ওই নারী আবাউদের স্ত্রী বলে মনে করা হচ্ছে। নিজেকে উড়িয়ে দেওয়ার আগে তিনি একে-৪৭ দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। ধারণা করা হচ্ছে, থিয়েটার হল বাতাক্লঁয়ে হামলাকারীদের একজন ছিলেন এই নারী। সেখানে বেঁচে যাওয়াদের অনেকেই পরে জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে একজন নারী সদস্য ছিলেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, অ্যাপার্টমেন্ট এলাকা থেকে প্যারিস হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।