পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আজ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত Joris Van Bomme-এর সাক্ষাৎকালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের সুদৃঢ় সম্পর্ক বিরাজমান। পানি সম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা সম্পন্ন হলে অচিরেই তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনের আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে পানি সম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য নেদারল্যান্ডসের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডসের ভূমিকা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।
নেদারল্যান্ডসের রাষ্টদূত বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস ব-দ্বীপ এবং ভূ-প্রকৃতিগতভাবে উভয়ের মধ্যে মিল রয়েছে। বাংলাদেশে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙ্গণ প্রতিরোধে তাঁর সরকার কাজ করতে আগ্রহী বলে তিনি জানান। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস যেভাবে ভূমিকা রেখেছে আগামীতেও তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।