গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের বৈসরন উপত্যকায় পহেলগাম নৃশংসভাবে ২৬ জন নিরীহ মানুষকে গুলি হত্যার বদলায় পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে ভারতের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু। পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে ৯ টি জঙ্গিঘাঁটি উড়িয়ে দিল ‘অপারেশন সিদুঁর। এই আক্রমণে ৮ জন মারা গিয়েছে এবং ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনা।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার মধ্য রাতেই ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ প্রয়োগ করেছে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘাঁটি গুলি থেকেই ভারতে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করা হয়েছিল। মোট ৯ টি জায়গায় আঘাত করেছে ‘অপারেশন সিন্দুর’।
মঙ্গলবার মধ্যরাতে এই অপারেশন শুরুর পরেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাতে তিনি লেখেন ভারত মাতার জয়।
পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে শুরু হয়েছে এই অপারেশন। সেখানে একাধিক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পাকিস্তানের পাঞ্জাবের ভাওয়ালপুরে তিনটি বড় বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। স্থানীয়রা দাবি করেছেন যে গ্রিড স্টেশনগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর ফলে মুজাফফরাবাদ এবং সমগ্র পাকিস্তানে আতঙ্কর পরিবেশ।
এই অপারেশন শুরু হওয়ার পরেই পাকিস্তান ৪৮ ঘন্টার জন্য সমস্ত বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
লস্কর-ই-তৈবা এবং এবং জইস-ই মহম্মদের জঙ্গিদের লক্ষ্য করে ভারত পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
মুজাফরাবাদ, কোটলি এবং ভাওয়ালপুরে যে ভারত আকাশ পথে হামলা চালিয়েছে সেই কথা স্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র।
ISPR জানিয়েছে, ভারত তার নিজস্ব আকাশসীমা থেকে এই হামলা চালিয়েছে। পাকিস্তান তার পছন্দের সময় এবং স্থানে এর জবাব দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
হামলার বিষয়ে সরকারের বিবৃতির পরপরই ভারতীয় সেনাবাহিনী সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জয়ের জন্য প্রশিক্ষিত সেনা বলেও জানানো হয়েছে।
ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ৯টি জায়গাকে লক্ষ্যবস্তু করে শুরু হয়েছে ‘অপারেশন সিন্দুর’। এই লক্ষ্যবস্তুগুলি কী কী তা জানানো হয়নি। পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। তবে সূত্রের খবর, আহমেদপুর শারকিয়ায় মাসুদ আজহারের মসজিদ এবং মুরিদকেতে হাফিজ সইদের মসজিদ ভারতীয় ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে ছিল বলেও জানা গিয়েছে।
এ দিকে, এই অপারেশন শুরু হতেই পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গুলির লড়াই শুরু হয়েছে। জম্মুর পুঞ্চ-রাজৌরি, মেন্ধার, ভিম্বর গালির নিয়ন্ত্রণ রেখায় পাক সেনাবাহিনী ভারী কামান হামলা চালাচ্ছে। ভারতীয় সেনাও সমানভাবে জবাব দিচ্ছে। এর জেরে নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।