× Banner
সর্বশেষ

রাজিব শর্মা

পর্যাপ্ত আমদানি,মজুদ ও নানা অজুহাত উর্ধ্বগতিতে ইফতারসামগ্রীসহ নিত্যপন্যের বাজার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
পর্যাপ্ত আমদানি,মজুদ ও নানা অজুহাত উর্ধ্বগতিতে ইফতারসামগ্রীসহ নিত্যপন্যের বাজার

রমজানকে ঘিরে ‍বিপুল পরিমাণ আমদানি হলেও নানা অজুহাতে উর্ধ্বগতিতে ইফতারসামগ্রীসহ নিত্যপন্যের বাজার। ব্যবসায়ীরা জানান, বন্দরকেন্দ্রিক অচলাবস্থা, নির্বাচনকালীন ছুটি ও পরিবহনসংকটে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় সাময়িক ঘাটতি তৈরি হয়েছে। যদিও অনান্য বছরের তুলনায় এবছর পন্যেও মজুদ রয়েছে অনেক বেশি। তবে তার ইতিবাচক প্রভাব বাজারে দেখা যাচ্ছে না।

গত এক সপ্তাহের ব্যবধানে খেজুরের দাম কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি চিনি, ছোলা ও ডালের দামও বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, রমজানের প্রধান ভোগ্যপণ্য ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও গমের আমদানি গত বছরের তুলনায় বেড়েছে। গত আড়াই মাসে (গত ১ ডিসেম্বর-১৪ ফেব্রুয়ারি) সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে প্রায় ৫ লাখ ৭৪ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ হাজার টন বেশি।

পাশাপাশি সয়াবিনবীজ আমদানি ১৫ শতাংশ বেড়ে ৬ লাখ ৭৪ হাজার টনে পৌঁছেছে, যা থেকে প্রায় ১ লাখ ২১ হাজার টন সয়াবিন তেল উৎপাদনের সুযোগ রয়েছে। ট্যারিফ কমিশনের হিসাবে, রমজানে ভোজ্যতেলের চাহিদা প্রায় ৩ লাখ টন হলেও আমদানির পরিমাণ চাহিদার তুলনায় বেশি। এছাড়া গত চার মাসে ২ লাখ ২৫ হাজার টন পেঁয়াজ, ৩ লাখ ৭০ হাজার টন চিনি, ৪৭ হাজার টন খেজুর,

২ লাখ ৫ হাজার টন মসুর ডাল এবং ১৪ লাখ টন গম আমদানি হয়েছে। বেড়েছে ছোলা ও ডালের দাম এদিকে আমদানি বাড়লেও নগরের অন্যতম ভোজ্যপন্যের আড়ত খাতুনগঞ্জ, চাক্তাই, রেয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে নিত্যপণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা গেছে।

গত সপ্তাহের ব্যবধানে মঙ্গলবার পাইকারিতে ৬ থেকে ১০ টাকা বেড়ে প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮৩ টাকায়। খেসারি ৭৮ থেকে ৮০ টাকা, মটর ডাল ৫২ থেকে ৫৫ টাকা এবং মোটা মসুর ডাল ৮০ টাকায় বিক্রি হয়েছে। আবার এসব পণ্য খুচরা বাজারে একেক দরে বাড়তি বিক্রি করতে দেখা যায়।

বাড়তির দিকে খেজুরের দাম এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে ধরনভেদে খেজুরের দাম কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। গত ডিসেম্বরে খেজুর আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হলেও দাম কমেনি, বরং বেড়েছে। বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তরা যেসব খেজুর বেশি কেনেন, সেগুলোর দাম অনেক বেড়েছে। বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হয়েছে বস্তা খেজুর, যা প্রতিকেজি ২২০ টাকা।

আর জাহিদি খেজুর ২৬০ থেকে ২৮০ টাকা ও দাবাস ৫৫০ থেকে ৫৭০ টাকায় বিক্রি হয়েছে। এসব খেজুরের পাইকারি দাম কেজিতে অন্তত ৪০ থেকে ৬০ টাকা বেড়েছে। অন্যান্য খেজুরের মধ্যে বড়ই ৪৮০ থেকে ৫০০ টাকা, কালমি ৭০০ টাকা, সুক্কারি ৮০০ টাকা, মাবরুম ৮৫০ থেকে ১ হাজার ২০০ টাকা, মরিয়ম ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৪০০ টাকা এবং মেডজুল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। এসব খেজুরের দামও কিছুটা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম বলেন, চাহিদার তুলনায় ফলের বাজার সংকট রয়েছে।
বিশেষকরে খেজুরের। এছাড়া শুল্ক কমার আশায় দেশীয় আমদানিকারকেরা অনেক দিন আমদানি করেননি। ফলে চাহিদা
অনুযায়ী খেজুর আমদানি সম্ভব হয়নি। তবে বাজারে সামগ্রিক সরবরাহ স্বাভাবিক রয়েছে।’ খেজুর আমদানিকারক প্রতিষ্ঠান ইমাম ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোজাফ্ফর আহমদ বলেন, শুল্ক কমানোর পর আমদানি শুরু হয়েছে এবং পাইপলাইনে থাকা পণ্য বাজারে এলে সরবরাহ আরও বাড়বে।

গত বছরের মজুত থাকায় খেজুর নিয়ে বড় সংকটের আশঙ্কা নেই। ফলমন্ডির পাইকারি খেজুর বিক্রেতা ও আরএম ট্রেডিংয়ের স্বত্বাধিকারী রহমত আলী জানান, নির্বাচনের আগের সপ্তাহ পর্যন্ত খেজুরের দাম স্বাভাবিক থাকলেও গত কয়েক দিনে মানভেদে কেজিতে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের খেজুর ২৮০ টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বেড়েছে পচনশীল মসলা ও চিনির দাম এছাড়া পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকায় পৌঁছেছে, আর দেশি রসুন ২০ টাকা বেড়ে ১২০ টাকা হয়েছে।

আমদানি করা রসুন ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কেরালার আদা বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৬০ টাকা, থাইল্যান্ডের আদা ১৭০ টাকা ও চিনি ১০০ টাকা, ছোলার বেসন ৮০ টাকা এবং শুকনা মরিচ ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সালাদ সবজির দামও বেড়েছে এদিকে দেশের উৎপাদিত পণ্যের বাজারেও একই চিত্র দেখা গেছে। রমজানে চাহিদাসংশ্লিষ্ট সবজির দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিশেষকওে সালাদ সবজি কাঁচা মরিচ কেজি ২০০

টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, টমেটো ও শসা ৬০ থেকে ৮০ টাকা এবং লেবুর হালি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে।
প্রাণিজ আমিষের বাজার চড়া পাশাপাশি প্রাণিজ আমিষের বাজারেও ঊর্ধ্বগতি দেখা যায়। গত এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজি ১৫০ টাকা থেকে বেড়ে ২০০ টাকায় উঠেছে। সোনালি মুরগি ৩০০ থেকে বেড়ে ৩৮০ টাকা, দেশি মুরগি ৫৪০ থেকে বেড়ে ৬৫০ টাকা এবং হাড়যুক্ত গরুর মাংস ১০০ টাকা বেড়ে ৮৫০ টাকা, আর হাঁড়হীন ৯৫০ থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজারে বড় সাইজের কাপ জাতীয় মাছ কাতলা ৪৫০ থেকে ৫০০ টাকা, রুই- মৃগেল ৪০০ থেকে ৪৫০ টাকা এবং পাঙাশ ২২০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হয়েছে। বলা যায়, সপ্তাহের ব্যবধানে আমিষজাত খাবারের মধ্যে প্রায় সবকিছুর দাম বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক নির্বাচনে বাজার মনিটরিং কিছুটা শিথিল ছিল। এর সুযোগ নিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। বাজারের অস্থিরতার পেছনে প্রশাসনিক তদারকির অভাবকে দায়ী করেছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)। তবে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তবে বাজার তদারকি সংস্থা ও প্রশাসকের দাবি, তারা বাজার তদারকিতে জোরদার করেছেন। ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘প্রশাসনের বাজার মনিটরিং বা পণ্যের মূল্য নিয়ন্ত্রণে তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

মূলত ক্ষমতার এই ট্রানজিট পিরিয়ডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে এক ধরনের স্থবিরতা কাজ করছে। প্রশাসনিক ব্যবস্থা না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিয়ে ইচ্ছেমতো পণ্যের দাম বাড়াচ্ছেন। এতে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়ছেন।’

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বর্তমানে বাজারে
ছোলা, মটর ও খেজুরসহ রমজানসংশ্লিষ্ট পণ্যের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। বিশেষ করে ছোলার বাজারে আমদানির আধিক্য থাকায় গত বছরের তুলনায় এবার পাইকারিতে দাম অনেকটাই কম।’ ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) বিশ্বজিৎ সাহা বলেন, রমজানের পণ্যের আমদানি ডিসেম্বর থেকে শুরু হয়ে জানুয়ারি-ফেব্রুয়ারিতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

কিন্তু চলতি বছর বন্দরকেন্দ্রিক আন্দোলন, লাইটার জাহাজ সংকট ও পরিবহন সমস্যার কারণে পণ্য খালাস ও বাজারজাতকরণে বিলম্ব হয়েছে। ফলে আমদানি করা পণ্য সময়মতো কারখানা ও গুদামে পৌঁছাতে না পারায় পাইকারি বাজারে সরবরাহে চাপ তৈরি হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, বাজার তদারকি বাড়ানো হয়েছে। কোন অবহেলা নেই। সোমবারও খাতুনগঞ্জের সাত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযোগ আসলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..