এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: ১৮ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুরে পঞ্চগড়ে বাংলাদেশ-ভারত সীমান্তে রাখিবন্ধন উৎসব অনুষ্ঠিত হয়। ভারতের বিএসএফের উদ্যোগে এই উৎসব পালন করা হয়। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেপনগর ইউনিয়নের উত্তর সীমান্তের সুকানিকেম্প এলাকার ৭৪৪ নং পিলারের কাছে শিলিগুড়ির একটি বিদ্যালয়ের ছাত্রীরা বিজিবি সদস্যদের কপালে ভাইফোটা, মিষ্টি খাইয়ে ও হাতে রাখি বেঁধে রাখিবন্ধন উৎসব পালন করা হয়।
বাংলাবান্ধায় স্থল বন্দরেও উৎসবটি পালন হয়েছে। বন্দরে বাংলাদেশ-ভারত সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শুন্যরেখায় শিলিগুড়ি এক্সপোর্টার এসোসিয়েশন এর নেতৃবৃন্দ পঞ্চগড় আমদানী রপ্তানীকারক এসোসিয়েশন নেতৃবৃন্দকে “রাখিবন্ধন” এ আবদ্ধ করেন। বিএসএফের নারী সদস্যরা বিজিবি সদস্যদের কপালে ভাইফোটা, মিষ্টি খাইয়ে ও হাতে রাখি বেঁধে রাখিবন্ধন উৎসব পালন করে।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে দায়ীত্বরত দুই বাহিনীর মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে, নিজ নিজ অবস্থানে থেকে সীমান্তের দায়িত্ব পালন করার জন্য এ ধরনের জাতীয় উৎসব ও ধর্মীয় দিনগুলোতে একে অপরের মাঝে মিষ্টি বিনিময় করে রাখিবন্ধনের মতো বিভিন্ন উৎসব পালন করা হয়। এতে করে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
অন্যদিকে বাংলাবান্ধা সীমান্তের ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের সামনের গ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যেগে রাখিবন্ধন উপলক্ষ্যে মহাউৎসব আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে বাংলাদেশ ভারতের বিভিন্ন স্তরের নাগরিকরা অংশ নেয়। পশ্চিম বঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যানমন্ত্রী জেমস খুজুর, শিলিগুড়ি বিএসফএর ডি আইজি আরসি সিং, পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ, পঞ্চগড় চেম্বারস অব কমার্সের সহসভাপতি এটিএম কামরুজ্জামান শাহানশাহ বক্তব্য রাখেন।