রাষ্ট্রীয় মর্যাদা-শ্রদ্ধা-ভালোবাসায় বাবা-মায়ের কবরের পাশে দাফন ধর্ম প্রতিমন্ত্রীর

রাষ্ট্রীয় মর্যাদা-শ্রদ্ধা-ভালোবাসায় বাবা-মায়ের কবরের পাশে দাফন ধর্ম প্রতিমন্ত্রীর

রাষ্ট্রীয় মর্যাদা, শ্রদ্ধা আর ভালোবাসায় গোপালগঞ্জে বাবা-মায়ের কবরের পাশে ধর্ম প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে দাফন সম্পন্ন হয়েছে।

আজ রবিবার বাদআসর তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে বাড়ির মসজিদ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাঁকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়।

এর আগে বিকেল ৪টা ২০ মিনিটে আল-মারকাজুল ইসলাম হাসপাতালের একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে সরাসরি তাঁর লাশ গ্রামের বাড়ি কেকানিয়া গ্রামে এসে পৌঁছায়। এ সময় তাঁর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। স্বজন ও নেতাকর্মীরাও কান্নায় ভেঙে পড়েন।

ধর্ম প্রতিমন্ত্রী ও গোপালগঞ্জের সকলের প্রিয় আব্দুল্লাহ ভাইয়ের মৃত্যুর খবরে জেলার সর্বত্র নেমে আসে শোকের ছায়া। নেতা-কর্মীসহ সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন তাঁর এই মৃত্যুতে। নেতার মৃত্যুর খবর শোনার পর শহরের কলেজ রোডের বাসায় ও গ্রামের বাড়িতে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, সহকর্মী, নেতা-কর্মী ও স্বজন ছুটে যান। তারা নিহত নেতার সর্বশেষ খবর জানার জন্য স্বজনদের সাথে প্রতিমুহুর্তে খবর রাখেন।

গতকাল শনিবার রাত পৌনে ১২টায় তিনি ঢাকার সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তাঁর মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, জেলা আইনজীবী সমিতি, জেলা সম্মিলিত ব্যবসায়ী সমিতি, জেলা উদীচী, রিপোর্টারস ফোরাম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কোটালীপাড়া সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে শোক জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।