বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে জনগণের ন্যায্য বিচার নিশ্চিত করাসহ মামলার দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। এতে করে সাধারণ জনগণের মধ্যে বিচার বিভাগের প্রতি আস্থার সৃষ্টি হবে। বললেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার যে ভিশন তার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত সুশাসন। সুশাসন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই বিচার বিভাগে সুশাসন নিশ্চিত করতে হবে। ৩৪ লাখ মামলার জট থেকে মুক্তির পথ খুঁজে বের করতে হবে। এই মামলার জট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি (এডিআর) কে কার্যকর করতে হবে এবং এই পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।
আনিসুল হক বলেন, বিগত পাঁচ বছরে আইন ও বিচার বিভাগে অনেক কাজ সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর দেওয়া সংবিধানে বিচার বিভাগকে স্বাধীন অঙ্গ হিসেবে উল্লেখ করে গেছেন এবং বিচার বিভাগের এই স্বাধীনতা যাতে জনগণ ভোগ করতে পারেন তার রূপরেখা সংবিধানে দিয়ে গেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্ন পূরণের জন্য যে কাজ করে যাচ্ছেন তার সাথে তাল মিলিয়ে সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
মন্ত্রী বলেন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রদানের ব্যাপারে বঙ্গবন্ধু জনগণের কাছে যে অঙ্গীকার করে গেছেন তা বাস্তবায়ন করতে হবে। সেজন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে আগামী পাঁচ বছরে বর্তমানের তুলনায় পাঁচগুণ বেশি শক্তিশালী করতে হবে।

