× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট

সিলেট প্রতিনিধি

দখল-দূষণে বিপন্ন কাকেশ্বর নদী

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
দখল-দূষণে বিপন্ন কাকেশ্বর নদী

সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলায় অবস্থিত কাকেশ্বর নদী। নদীটি একসময় ছিল খরস্রোতা, তবে দখল ও দূষণের কারণে এখন তা একটি সরু নালায় পরিণত হয়েছে। নদীর দুই তীরে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে অসংখ্য মার্কেট ও দোকানপাট, অপরদিকে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা নিয়মিতভাবে ময়লা-আবর্জনা ফেলে নদীটি ভরাট করে চলেছেন। এর ফলে নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। চলতি বছরে উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে কাজ শুরু হয়েছিল, গত ৫ আগস্টের পর থেকে আবারও নদী খনন কাজ বন্ধ রয়েছে।
  • থমকে আছে খনন কাজ
  • দীর্ঘ ৫৫ বছর পর খনন শুরু হলেও অর্থ সংকটে বন্ধ কাজ
জানা যায়, ৩০ থেকে ৪০ বছর আগেও সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজার একসময় একটি প্রাণবন্ত পাইকারি বাজার ছিল। আর সেই বাজারের বুক চিরে বয়ে চলা একসময়ের খরস্রোতা কাকেশ্বর নদীপথে নৌকায় মালামাল আনা-নেওয়া করা হতো। তবে কালের বিবর্তনে দখল, দূষণ এবং বর্জ্য ফেলার ফলে কাকেশ্বর নদী তার মূল রূপ হারিয়ে সরু নালায় পরিণত হয়েছে।
এদিকে ২০২৪ সালের জুলাই মাসে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয়দের উদ্যোগে খনন কাজ শুরু করা হয়েছিলো কিন্তু ৫ আগস্ট সরকার পতনের পর সেই কাজ বন্ধ হয়ে যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রভাবশালী মহল নদীর দুই তীর দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন, যা নদীটির সংকোচন ও ধ্বংসের মূল কারণ। একসময় যে নদী দিয়ে নৌকায় পণ্য পরিবহণ করা হতো, সেই নদী আজ ময়লা আবর্জনার স্তূপে ভরাট হয়ে গেছে। ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ীরা জানান, নদী ভরাটের ফলে বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বর্ষাকালে অল্প বৃষ্টি হলেই বাজারের রাস্তায় ও দোকানে পানি জমে যায়, যার ফলে হাজার হাজার টাকার মালামাল নষ্ট হয়। এতে করে ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হন। জুলাই মাসে নদীর খনন কাজ শুরু হলেও তা এখন বন্ধ রয়েছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা।
ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন জানান, দখল ও ময়লা-আবর্জনা ফেলে নদীটি বিলীন হওয়ার পথে। বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই পানি দোকানের ভেতরে ঢুকে পড়ে। উপজেলা প্রশাসন ও  স্থানীয়দের সহযোগিতায় খনন কাজ শুরু হলেও ৫ আগস্টের পর তা থমকে গেছে। নদী খননের কাজের এক-তৃতীয়াংশ সম্পন্ন হয়েছে, বাকি কাজ দ্রুত শুরু করার দাবি জানাচ্ছি।
গোলাপগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, স্থানীয়দের তথ্য অনুযায়ী প্রায় ৫৫ বছর পর নদীতে খনন কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কিছু অংশের খনন কাজ সম্পন্ন করা হয়েছে। তবে আর্থিক সংকটের কারণে কাজ আপাতত বন্ধ রয়েছে। আশা করছি, শীঘ্রই বাকি অংশের খনন কাজ পুনরায় শুরু করা সম্ভব হবে।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সিলেটের যেসব নদীতে অবৈধ দখল রয়েছে সেগুলো দখলমুক্ত করা হবে। ২০১৯ সালে একটি তালিকা করা হয়েছিলো, সেই তালিকা অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..