সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আয়োজনে ১৩তম জাতীয় ও ২১তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আজ রাজধানীর ইস্কাটনে সমাজকল্যাণ ভবন অডিটরিয়ামে ‘একসাথে পথ চলি-নিঃসঙ্গতা দূর করি’ প্রতিপাদ্যে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু নিউরোসায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আব্বাস উদ্দিন খান ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুর ক্রোমোজোম এর ব্যবস্থাপনা ও করণীয় নিয়ে বক্তব্য উপস্থাপনা করেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিশোর ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সরকার অত্যন্ত আন্তরিক। বিপুল জনগোষ্ঠীর এদেশে অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্য দিয়েও সরকার ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুর কিশোর ও প্রতিবন্ধি ব্যক্তিদের সবরকম সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন, আমাদের দেশে ১২ ধরনের প্রতিবন্ধিতা আছে। ডাউন সিনড্রোম প্রতিবন্ধিতা তার মধ্যে একটি। আমাদের দেশে ৪ ধরনের স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ৪ লাখ ৫২ হাজার। এর মধ্যে ৮ হাজার ৩০ জন ডাউন সিনড্রোম ব্যক্তি সনাক্ত করা সম্ভব হয়েছে।
সমাজকল্যাণ সচিব আরো বলেন, সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলায় ডাউন সিনড্রোম শিশুরা বেশি পারদর্শী হয়। সেবাযত্ন দিয়ে গড়ে তুলতে পারলে ডাউন সিনড্রোম শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষও সমাজের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এনডিডি সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুছাম্মৎ শাহীনা আক্তার।