মাগুরা প্রতিনিধি : ডেইলী স্টার সম্পাদক মাহফুজুর রহমান মঙ্গলবার দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল প্রথম আদালতে হাজির হয়ে দুই হাজার টাকার বন্ডে জামিন লাভ করেছেন। এর আগে মাগুরা জেলা আইনজীবি সমিতির সভাপতি একেএম আমজাদ হোসেন ও অ্যাডভোকেট মাহবুব আকবর ডেইলী স্টার সম্পাদককে আদালতে হাজির করে জামিন আবেদন করেন।
এসময় মাহফুজুর রহমানের পক্ষে একাধিক আইনজীবি জামিনের পক্ষে বক্তব্য রাখেন। অপরদিকে, মামলার বাদী মাগুরা জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজ এর পক্ষে আইনজীবিরা জামিনের বিরোধীতা করে বক্তব্য রাখেন। বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজুল ইসলাম উভয় পক্ষের বক্তব্য শুনে আসামী মাহফুজুর রহমানের জামিন মঞ্জুর করেন। এবং আগামী ১৯ মে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, ১/১১ পরবর্তী সময়ে সেনা সমর্থিত তত্তাবধায়ক সরকার আমলে তৎকালীন আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডেইলী স্টার পত্রিকায় অসত্য রিপোর্ট প্রকাশ করায় জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজ মাগুরা আদালতে ৫০ হাজার কোটি টাকা মানহানির এ মামলা দায়ের করেন। আদালত ৮মার্চ মাফুজুর রহমানকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দিয়েছিলেন। সে মোতাবেক মাফুজুর রহমান মঙ্গলবার আদালতে হাজির হন।