জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান জানিয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, একটি জাতিকে ধ্বংস করার জন্য তাদের লাইব্রেরি ও বই ধ্বংস করাই যথেষ্ট। তাই আমাদের জ্ঞানের আলোয় আলোকিত অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করতে হবে।
আজ ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের এই ত্যাগই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য হলো তার বৈচিত্র্যের মধ্যে ঐক্য। রাজনীতি ভিন্ন হতে পারে, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মন্ত্রী আরো বলেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে। প্রত্যেক উপজেলায় আধুনিক লাইব্রেরি স্থাপন করা হবে। জেলা পর্যায়ের মতো উপজেলা শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি সমৃদ্ধ ও সাংস্কৃতিক মডেলে রূপান্তর করার কাজ চলছে।
নানা প্রতিকূলতা সত্ত্বেও এবারের মেলা সফলভাবে সম্পন্ন করায় সংস্কৃতিমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সচিব ড. মোঃ সেলিম রেজা বক্তৃতা করেন। বক্তারা মেলায় আগত লেখক, প্রকাশক ও পাঠকদের ধন্যবাদ জানিয়ে আগামী বছর আরো বর্ণিল বইমেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।