জাতি, ভাষা, ধর্মমত ও সংস্কৃতিতে বিশ্বজনীনতা
-শ্রীপ্রভাতরঞ্জন সরকার
আজকের আলোচ্য বিষয়বস্তু হল, “জাতি, ভাষা, ধর্মমত ও সংস্কৃতিতে বিশ্বজনীনতা”। যদিও মানুষের ভাষা, বর্ণ ইত্যাদির ক্ষেত্রে কিছু কিছু আপাতঃ বৈষম্য রয়েছে তথাপি মানুষের এই সকল অপরিহার্য বিষয়গুলি কিন্তু এসেছে একই উৎস থেকে- সবই এসেছে সেই একক সত্তা পরমপুরুষ থেকে। ভাষাগত বৈষম্য, বর্ণগত বৈষম্য, জাতিগত বৈষম্য আছে ঠিকই, কিন্তু এ সবই বাহ্য ও আপাতঃ দৃষ্ট। মুখের ভাষা নয়, আসলে হৃদয়ের ভাষা, সেন্টিমেন্টের ভাষাই শুণতে হবে।
বস্তুতঃ কোন একক ভাষাই আদি ভাষা বলে দাবী করতে পারে না- তা সে ইংরেজীই হোক বা তাগালগই হোক বা বাংলাই হোক।ইংরেজী ভাষা আদি ভাষা (Original language) নয়। সত্যি কথা বলতে কি, ৯০০ বছর আগেও ইংরেজী ভাষা ছিল না, ১৫০০ বছর আগে বাংলা ভাষা ছিল না, ৮০০ বছর আগে অঙ্গিকা, মৈথিলী, অসমীয়া ভাষা ছিল না। আধুনিক ইংরেজী ভাষা হ’ল স্কচ, পুরানো নর্মান, এংলো-স্যক্সন, ব্রাইটন, কেল্ট, লাতিন ও গ্রীক কথ্যভাষার সংমিশ্রণ।এই সকল কথ্য ভাষাই মিলিত ভাবে জন্ম দিয়েছিল আধুনিক ইংরেজী কথ্য ভাষার। ‘আলফ্রেড দি গ্রেট্’ –এর রাজত্বকাল পর্যন্ত ইংরেজী ভাষার নিজস্ব স্বীকৃত শব্দভাণ্ডার ছিল না। তেমনি বাংলা ভাষাও সংস্কৃত ধাতু ও শব্দ, বিপুল সংখ্যক ইংরেজী শব্দ, জাপানী, পর্তুগীজ, আরবীয় ভাষার শব্দ দিয়ে তৈরী। এমনি ভাবে তাগালগ ভাষা তৈরী হয়েছে ক্যাণ্টনীজ, চাইনীজ, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান ও বেশ কিছু সংস্কৃত শব্দ নিয়ে।
আবার তেমনি কোন জনগোষ্ঠীও তার রক্তের পুরোপুরি বিশুদ্ধতা দাবী করতে পারে না। হিটলার যে আর্য রক্তের দাবী করতেন সেটা বস্তুতঃ জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই। এক ইউরোপেই রয়েছে নানান্ জনগোষ্ঠী, যেমন নর্ডিক, ভূমধ্যসাগরীয়, এলপাইন, মঙ্গোলিয়ান, মঙ্গলো-নিগ্রোয়েড প্রভৃতি। ভারতবর্ষে রয়েছে অষ্ট্রিক, অষ্ট্রিকো-নিগ্রোয়েড, দ্রাবিড়ীয়, মঙ্গোলীয়, মঙ্গোলীয়-নিগ্রোয়েড- এমনি কত জনগোষ্ঠী। সুতরাং কোন জনগোষ্ঠীই এই রক্তগত সংমিশ্রণ থেকে মুক্ত নয়। সর্বত্রই চলছে এই বিশ্বজনীন সংমিশ্রণ। বিশ্বের কোথাও একটা মৌলিক জনগোষ্ঠী বা ভাষা খুঁজে পাওয়া যাবে না। মানব-সমাজ একটা একক সত্তা। সমাজের সকল দোষ-গুণ মিলিত ভাবে আমাদের সকলের। সব কিছু আমাদের সকলের পৈত্রিক সম্পত্তি। সমাজের সব ভাল গুণগুলো আমাদের আর আর সব অ-গুণ গুলো অপরের- এরকম দাবী করা নির্বুদ্ধিতা।
এই বিশ্বে সকল সত্তাই দিব্য সত্তা- এটাই মানুষকে উপলব্ধি করতে হবে। কেউই এই বিশ্বে একা বা অসহায় নয়। বিশ্বের সঙ্গে আমাদের রয়েছে ভৌতিক, মানসিক ও আধ্যাত্মিক সম্পর্ক। যেহেতু বিশ্বের সকল সীমিত সত্তার মধ্যে অসীমের ক্ষুধা রয়েছে, তাই সকল মানুষকেই তাদের মনের পরিভূ বাড়িয়ে চলতে হবে। এটা তাদের অবশ্য করণীয়। সর্ব বন্ধন মুক্ত পরম সত্তাই সবার লক্ষ্য। মানুষকেও এমন ভাবে মনের বিস্তার ঘটাতে হবে- যাতে সে সমস্ত সীমার বন্ধন অতিক্রম করে যায়। কারুর মনের মধ্যে কোন হীনমন্যতা বা মহামন্যতা থাকবে না- থাকা উচিতও নয়। যারা ব্যষ্টিগত বা জাতিগত শ্রেষ্ঠতা প্রচার করে, তারা পাপ কাজ করছে। তারা মানব ধর্মের বিরোধিতা করছে। মাটি, জল, বায়ুর মত ধর্মও সকলের সাধারণ (common) সম্পদ। সবাইকে ভূমাসত্তার সঙ্গে মিলে মিশে এক হয়ে যেতে হবে।
প্রখ্যাত আমেরিকান কবি কার্ল স্যাণ্ডবার্গের ভাষায়-
“There is only one man in the world
And his name is All-men.
There is only one woman in the world
And her name is All-women.
There is only one child in this universe
And his name is All-children.”
ঠিক এই কথাটিকেই অতি সুন্দর ভাষায় ব্যক্ত করেছেন এশিয়ার কবি সত্যেন্দ্রনাথ দত্ত-
“জগৎ জুড়িয়া এক জাতি আছে,
সে জাতির নাম মানুষ জাতি।
একই পৃথিবীর স্তন্যে পালিত,
একই রবি শশী মোদের সাথী”।।
(অভিমত- ষষ্ঠ খণ্ড থেকে সংগৃহীত)