রাজিব শর্মা, চট্টগ্রামঃ ইয়াবা সেবনকালে চট্টগ্রাম ছাত্রলীগের ১ নেতাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন – চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সদস্য ও ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সেলিমুদ্দীন (২৭), রাউজান থানার ঊনসত্তরপাড়া গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ কফিলুদ্দীন (২৮) ও নোয়াপাড়া ইউনিয়নের হাজী মীর হোসেন সওদাগরের পরিবারের মৃত সৈয়দুল হকের ছেলে মোঃ শাহেদ (২৯)।
সোমবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের রাউজান এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাউজান উপজেলার চৌমুহনী বাজার এলাকার ১টি ভবনের ৩য় তলায় অভিযান চালিয়ে ১৫৪ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণসহ ছাত্রলীগ নেতা সেলিম এবং আরো ২ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় একই কক্ষে থাকা আরও ৩ মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল্লাহ্ দি নিউজকে ফোনালাপে জানান, “সোমবার রাতে চৌমুহনী থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে অভিযুক্ত সেলিম ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত আছে কি না তা আমাদের জানা নেই।”
বিষয়টি নিয়ে জানতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ ইরানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেন নি।




