গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রকাশ্য স্থানে ইয়াবা সেবন করার অপরাধে ওমর মোল্লা নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে নগদ ২০০টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
আজ সোমবার বিকেলে (০৬ জুলাই) উপজেলার বান্ধাবাড়ী গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ডাদেশ প্রদান করেন।
এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম, কোটালীপাড়া থানার এস আই সুব্রত মালোসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
অভিযুক্ত ওমর মোল্লা উপজেলার বান্ধাবাড়ী গ্রামের ফিরোজ মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বান্ধাবাড়ী গ্রামের মধ্যপাড়া এ অভিযান চালায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ দল। অভিযানকালে ওমর মোল্লাকে মাদক (ইয়াবা) সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।পরে আটককৃত যুবকের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনের এ ধরনের মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।