গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সকল দলের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এই সময়ের জন্য জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন। এই জাতীয় ঐক্যের ভিত্তিতেই এখানে বিচার, সংস্কার ও নির্বাচনের দায়িত্ব এই সরকারের উপরে অর্পিত হয়েছে।
আজ ২৫ মে ২০২৫ ইং রবিবার দুপুর ১২ টায় নাগরিক ঐক্য কেন্দ্রীয় কার্যালয় ২২/১, তোপখানা রোড, ঢাকায় গনতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মানুষের উপরে চেপে বসা এক চরম অগণতান্ত্রিক সরকারকে দেশের মানুষ ঐক্যবদ্ধ সংগ্রামের ভেতর দিয়ে পরাজিত করেছে। এদেশের ছাত্র শ্রমিক শ্রমজীবী জনগণ মধ্যবিত্ত নানা বয়সের শ্রেণীর লিঙ্গের জাতি পরিচয়ের মানুষ ঐক্যবদ্ধভাবে এই লড়াই গড়ে তুলেছেন। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলেও ২৪ এর অভ্যুত্থান দ্রুতই হয়ে উঠেছে এদেশের গণতন্ত্রকামী, মুক্তিকামী সকল রাজনৈতিক দল ও গোষ্ঠীর এক সম্মিলিত লড়াই। ২৪ এর গণঅভ্যুত্থান দেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে এক নতুন বাংলাদেশ নির্মাণের।
যে ধরণের আস্থার সংকট, বিরোধ কিংবা দূরত্ব তৈরি হয়েছে তা কাটাতে এই সমস্ত বিষয়ের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা প্রয়োজন। এসব বিষয়ে একটি রোডম্যাপ সকলের সম্মতির ভিত্তিতে গ্রহণ করে তাকে বাস্তবায়ন করার পূর্ণ কর্তৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে।
জাতীয় স্বার্থে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও একই ধরনের জাতীয় সম্মতি প্রয়োজন বলে আমরা মনে করি। এই মুহূর্তে পারস্পারিক দোষারোপ, দায় চাপিয়ে দেওয়া, কিংবা বিভাজনের মাধ্যমে দেশকে সংকটের মুখে ঠেলে দেওয়ার যে কোন প্রচেষ্টাকে সচেতন ভাবে প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্য বজায় রাখতে আমরা সকল দল ও নাগরিকদের প্রতি আহ্বান জানাই।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান ও গনতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার।
নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকার এর কাছে দাবি জানান,
* অবিলম্বে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।
* গণঅভ্যুত্থানের শক্তিগুলোর ঐক্য বজায় রাখতে ও পারস্পরিক দূরত্ব কমাতে জাতীয় রাজনৈতিক পরিষদ গঠন করুন।
* রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই মাসের ভেতরেই জুলাই সনদ তৈরি করুন।
* জুলাই সনদ এর ভিত্তিতে এই মুহূর্তে যেসব সংস্কার করা সম্ভব সেগুলো যথাসম্ভব দ্রুত বাস্তবায়ন করুন।
নেতৃবৃন্দ বলেন, আমরা বিশ্বাস করি গণঅভ্যুত্থানের হাজারো শহীদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমে লড়াই করে যাচ্ছেন সে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়াকার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড আবু ইউসুফ সেলিম, মুখপাত্র মোঃ আবদুল কাদের, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বিপ্লবী ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজুর রহমান, খলিলুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ক্যটাগরির আরো খবর..