বিশেষ প্রতিবেদকঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারপ্রধান দেশকে সোনার বাংলায় রূপান্তরের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। দেশবাসী সহযোগিতা করলে অতিদ্রুত সময়ের মধ্যে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে দেশ।
জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। কবি জসীমউদদীন হলে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলার গড়ার লক্ষ্যে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, তা কোনো গোষ্ঠী থামাতে পারবে না।
‘আজ এমন এক নেতার জন্ম হয়েছিল, যাঁর হাত ধরে বাংলাদেশের জন্ম হয়েছে। এ কারণেই আজকের দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদার’, যোগ করেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী, সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।


