সনাতনীদের বিভিন্ন সংগঠনের বিক্ষোভ ও সমাবেশ, শাহবাগে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

সনাতনীদের বিভিন্ন সংগঠনের বিক্ষোভ ও সমাবেশ, শাহবাগে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

সনাতনীদের বিভিন্ন সংগঠনের বিক্ষোভ ও সমাবেশ।  শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং হিন্দু মা-বোনদের ধর্ষণ এবং হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ‘বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক, বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ’ ও বাংলাদেশ হিন্দু মহাজোট, হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন। তারা এই সঙ্কটের দ্রুত সমাধান দাবি করেন।

শুক্রবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন চলে। মানববন্ধন শেষে প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে মৎস্য ভবন হয়ে শাহবাগে আসেন বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ’। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করেন তারা। এ সময় শাহবাগ চত্বর সংলগ্ন চারপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে বিকাল ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে একত্র হয়ে হিন্দুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানায় তারা। সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। সমাবেশে ‘স্বাধীন বাংলায় হিন্দু নির্যাতন, চলবে না চলবে না’, ‘আমার মাটি আমার মা, মাকে ছেড়ে যাব না’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এ সময় ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, ‘হিন্দুদের মন্দিরে ভাঙচুর কেন?’, ‘হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করুন’, ইত্যাদি প্ল্যাকার্ডও দেখা যায়।

সমাবেশে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, দিনাজপুরের হিন্দুদের গ্রামে আগুন দেওয়া হয়। তারা একেবারে নিঃস্ব হয়ে প্রাণ বাঁচাতে সীমান্তে চলে গেছে। কেন হিন্দুদের ওপর এই নিপীড়ন? আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। কেন আমরা ভারতে চলে যাব? এই দেশ আমার। আমরা এই দেশেই থাকব।

শাহবাগের সমাবেশে আন্দোলনকারীরা নানা ধরনের স্লোগান দেন। এর মধ্যে রয়েছে ‘আমার বাড়িতে হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’, ‘জাগো জাগো হিন্দু জাগো’ ইত্যাদি।

আন্দোলনকারীরা নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে আসেন। সেসব প্ল্যাকার্ডে লেখা ছিল ‘হিন্দুস হ্যাভ রাইট টু লিভ’, সেভ হিন্দুস’, ‘আমারও তো রক্ত লাল, সইবো আর কত কাল’, ‘পটপরিবর্তনে হিন্দুরা কেন ট্রাম্প কার্ড’ প্রভৃতি।

সচেতন সনাতনী নাগরিকের পক্ষ থেকে সভাপতি প্রসেনজীৎ কুমার হালদার বলেন, মানববন্ধনে ১৯ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সুষ্ঠু বিচারের জন্য সনাতন সম্প্রদায়ের ওপর সহিংসতার জন্য তদন্ত কমিটি গঠন করা, ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া ও পুনর্বাসন করা, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা প্রভৃতি। সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আগামীকাল শনিবার বিকেলেও শাহবাগে তাঁদের কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান। একের পর এক হামলা চলছে। এই পরিস্থিতিতে বৈষম্য কি শেষ না শুরু, আমরা বুঝতে পারছি না। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সারা দেশে আর একটিও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটবে না, এমন ঘোষণা না আসা পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান চালিয়ে যাব।

শাহবাগে বিক্ষোভ চলাকালে ভক্ত সংঘ বাংলাদেশের সভাপতি শান্তি রঞ্জন মণ্ডল বলেন, ‘আমাদের অনেকেই দেশ ছেড়ে প্রতিবেশী দেশে যাওয়ার জন্য বর্ডারে গিয়ে বসে আছে। আমাদের বাড়ি–ঘরে হামলা করা হচ্ছে, মন্দিরে হামলা করা হচ্ছে। আমাদের দেখার কেউ নেই। আজ থেকে আমরা মন্দির পাহারা চাই না, যেভাবে মসজিদ পাহারা দিতে হয় না। আমাদের নিরাপত্তা চাই।’

ভক্ত সংঘ থেকে আন্দোলনকারীদের ৪ দফা দাবি হলো—সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে; সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে; সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।

এসময় বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রের কাছে ২০ দফা অধিকার ও দাবি তুলে ধরা হয়। বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিকের আয়োজনে বাংলাদেশ হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদসহ সনাতনীদের বিভিন্ন সংগঠন একাত্মতা প্রকাশ করেন। বিভিন্ন সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও  সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।