শেখ কামাল একটি প্রতিষ্ঠান -অর্থমন্ত্রী

আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালকে শুধু শেখ কামাল মনে করলে হবে না। শেখ কামাল একটি ইনস্টিটিউট। তাই সকল কিছুর ঊর্ধ্বে তাকে একটি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সভাকক্ষে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ২০১৯ এর অর্গানাইজিং কমিটির সভায় কমিটির চেয়ারম্যান এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

 মন্ত্রী আরো বলেন, পূর্বের দুইবারের মতো এবারও চট্টগ্রাম আবাহনীর আয়োজনে ও বাফুফের সহযোগিতায় টুর্নামেন্টের তৃতীয় আসর শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। ভেন্যু চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম। এই ধরনের পদক্ষেপের মাধ্যমেই ফুটবল তার সোনালী অতীত ফিরে পেতে পারে। পাশাপাশি আমাদেরকে আরো পদক্ষেপ গ্রহণ করতে হবে, ধীরে ধীরে উপজেলা পর্যায়ে বড় বড় আসরের আয়োজন করতে হবে। খেলাধুলার উন্নয়নের সাথে অর্থনৈতিক উন্নয়ন জড়িত। খেলাধুলার মাধ্যমেই উন্নত যুবসমাজ তৈরি করা সম্ভব।

 শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ২০১৯ এর অর্গানাইজিং কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন কমিটির কো-চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম, চট্টগ্রাম আবাহনী লিমিটেডের চেয়ারম্যান এম এ লতিফ এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।