বিনোদন ডেস্ক: ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা-সমালোচনায় অনেকটা ক্ষুব্ধ শাকিলা। তিনি বিয়ে করেছেন কবি রবি শর্মাকে। এ নিয়ে কিছু অনলাইন অতি উৎসাহী হয়ে যাচ্ছেতাই লিখছে বলেও অভিযোগ তাঁর। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, আমাদের দেশের মানুষ যে কবে শিক্ষিত হবে!
বিয়ের পর গণমাধ্যমের কাছে দেয়া প্রতিক্রিয়ায় শাকিলা বলেন, ‘বিয়ে করেছি এ খবর সত্য। বিয়ের পর ভালো আছি আমরা। রবির সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন বাকি জীবন ভালোভাবে থাকতে পারি।’
প্রায় আড়াই বছর ধরে চেনা নতুন জীবনসঙ্গী রবি শর্মার সঙ্গে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জনপ্রিয় এ সঙ্গীতশিল্পী।
স্বামী সম্পর্কে শাকিলা বলেন, রবি ব্যবসায়িক জগতের মানুষ হলেও সে কিন্তু একজন কবি। কিছুদিন আগে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান টাইমস মিউজিক থেকে মুনলাইট হুইসপার নামে তার লেখা গানের একটি অ্যালবাম বেরিয়েছে। মুম্বাইয়ে যখন এ অ্যালবামটির প্রকাশনা উৎসব হয় তখন আমি সেখানে উপস্থিত ছিলাম।
শাকিলা আরও জানান, অনেক দিন ধরেই রবিকে আমি চিনেছি, জেনেছি। ও আগাগোড়াই একজন ভালো মানুষ। আমাদের বোঝাপড়াটা ভালো। আমিও একা ছিলাম। পারস্পরিক সমঝোতায় বিয়ে করার সিদ্ধান্ত নিই। আমার পরিবারের সবাই রবিকে খুবই পছন্দ করেছেন।

