শিক্ষা খাতে বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের উদ্যোগ

শিক্ষা খাতে বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের উদ্যোগ
শিক্ষা খাতে বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের উদ্যোগ

ঢাকা: শিক্ষা খাতে বাংলাদেশ ও চীনের দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও বিস্তৃত ও কার্যকর করতে কৌশলগত অংশীদারিত্ব জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা, শিল্প-শিক্ষা সংযোগ এবং ভাষা শিক্ষায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘Strategic Partnership Between Bangladesh and China in the Education Sector’ শীর্ষক এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন অংশ নেন।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর উপস্থিত ছিলেন।

চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরলেন শিক্ষামন্ত্রী

বৈঠকে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে সম্প্রতি অনুষ্ঠিত চীন সফরের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গত ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এ সফরে বাংলাদেশের প্রতিনিধি দলে শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।

আরও পড়ুনঃ সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি

বৈঠকে সফরটিকে অত্যন্ত সফল ও ফলপ্রসূ হিসেবে উল্লেখ করা হয়। সফরের সময় শিক্ষা ও দক্ষতা উন্নয়নে চীনের অভিজ্ঞতা এবং বাংলাদেশের জন্য সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনা করা হয়।

ভোকেশনাল শিক্ষা ও গবেষণা কেন্দ্রে চীনের সহযোগিতা

চীন সফরের সময় চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

এই সহযোগিতার আওতায় দুই দেশ কারিগরি প্রশিক্ষণ, দ্বিভাষিক শিক্ষাসামগ্রী তৈরি, শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সংযোগ বৃদ্ধি, গবেষণা কার্যক্রম, শিল্পভিত্তিক প্রশিক্ষণ এবং চীন সফরের মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।

আরও পড়ুনঃ খাদ্যগুদামের সিন্ডিকেট ভাঙতে কঠোর পদক্ষেপ: খাদ্যমন্ত্রী

এ ছাড়া বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের বিষয়টিও সহযোগিতা কাঠামোর অন্তর্ভুক্ত রয়েছে।

তিনটি নতুন সহযোগিতা প্ল্যাটফর্ম

চীন সফরকালে বাংলাদেশ ও চীনের শিক্ষা সহযোগিতার আওতায় তিনটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়েছে। এগুলো হলো—

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার
  • বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার
  • বাংলাদেশ ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ+ স্কিল ডেভেলপমেন্ট’ সহযোগিতা কেন্দ্র

বৈঠকে বলা হয়, এসব উদ্যোগ বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতাকে দীর্ঘমেয়াদি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ করে তরুণদের শিক্ষা ও বাস্তব দক্ষতার উন্নয়ন, শিল্প খাতের চাহিদা পূরণ এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এসব উদ্যোগ কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।

চীনের ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া’ মডেল অনুসরণের পরিকল্পনা

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, চীন সফরের সময় দেশটির শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে শক্তিশালী সংযোগ প্রত্যক্ষ করেছেন তারা।

তিনি বলেন, চীনের ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ’ মডেলটি বাংলাদেশেও অনুসরণ করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিল্প ও কর্মক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।

চীনের শিক্ষা ব্যবস্থার প্রশংসা করে মন্ত্রী বলেন, দেশটি শিক্ষা খাতে উন্নত অবস্থানে রয়েছে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তির সুযোগও দিচ্ছে।

চীনা শিক্ষকদের ভিসা প্রক্রিয়া সহজ হচ্ছে

বাংলাদেশে চীনা ভাষার শিক্ষক হিসেবে আসা ব্যক্তিদের ভিসা প্রক্রিয়ায় আগে কিছু জটিলতা ছিল বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, চীন থেকে ভাষা শিক্ষক হিসেবে আসা ব্যক্তিদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে যাওয়ার ভিসা প্রক্রিয়াও ইতোমধ্যে সহজ করা হয়েছে বলে জানান তিনি।

শিক্ষা খাতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হলে বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণদের জন্য উচ্চশিক্ষা, কারিগরি দক্ষতা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।