যশোরের শার্শায় আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বৈদ্যুতিক পণ্যসামগ্রীর ব্র্যান্ড ‘ইনোভার’-এর কারিগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার নাভারণ হক কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্থানীয় বিদ্যুৎ সংযোগের কারিগর, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
নাভারণ বাজারের বিদ্যুৎ সংযোগের কারিগর মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে আলোচনা সভা, কারিগরদের অংশগ্রহণে লটারি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ইনোভার ব্র্যান্ডের উৎপাদিত বিভিন্ন বৈদ্যুতিক সংযোগসামগ্রীর প্রদর্শনী করা হয়।
আলোচনা সভায় প্রধান সঞ্চালক ও শুভেচ্ছা বক্তব্য দেন আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ইনোভার ব্র্যান্ডের ন্যাশনাল সেলস্ ম্যানেজার (এনএসএম) মীর মোশারফ হোসেন।
তিনি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের কর্মময় জীবন ও গুণাবলি তুলে ধরে বলেন, আকিজ গ্রুপের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে তাঁর সুযোগ্য সন্তান জসীম উদ্দিনের নেতৃত্বে ২০২৪ সালে আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের যাত্রা শুরু হয়। এরপর ২০২৫ সালে ইনোভার ব্র্যান্ডের বিভিন্ন বৈদ্যুতিক পণ্য বাজারে আসে।
মীর মোশারফ হোসেন বলেন, বর্তমান সময়ের জন্য নকশাকৃত ভাবনাকে সামনে রেখে ইনোভার আধুনিক প্রযুক্তিনির্ভর মানসম্পন্ন বৈদ্যুতিক পণ্য বাজারজাত করছে। প্রাথমিক পর্যায়ে এলইডি বাতি, সুইচ-সকেটসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম বাজারে আনা হয়েছে। উন্নত প্রযুক্তিতে তৈরি ও পরীক্ষিত এসব পণ্যের গুণগত মান ব্যবহারেই গ্রাহকের কাছে স্পষ্ট হবে।
তিনি স্থানীয় বিদ্যুৎ সংযোগের কারিগরদের ইনোভার পণ্য বাজারজাতকরণে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে গ্রাহকদের ভালো মানের, আধুনিক নকশার ও প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে পরামর্শ দেওয়ার জন্য কারিগরদের প্রতি আহ্বান জানান।
প্রতিষ্ঠানের আঞ্চলিক ব্যবস্থাপক এনামুল হক বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ, স্মার্ট ও গতিশীল করার লক্ষ্য নিয়ে ইনোভার ব্র্যান্ডের যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে গৃহস্থালি বৈদ্যুতিক যন্ত্রপাতি, পানির পাম্প, হার্ডওয়্যার, বিদ্যুৎচালিত যন্ত্রপাতি ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন পণ্য বাজারে আসতে শুরু করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনোভার ব্র্যান্ডের ঝিকরগাছার পারবাজারের পরিবেশক (ডিলার) প্রতিষ্ঠান মেসার্স রাইসা ইলেকট্রিকের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম, ইনোভারের বিভাগীয় ব্যবস্থাপক কামরুজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক এনামুল হকসহ প্রতিষ্ঠানের নবীন কর্মকর্তা-কর্মচারীরা।

