রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ কক্সবাজারের  উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন । ক্যাম্প পরিদর্শনকালে জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় উপদেষ্টার সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ কামরুল হাসান, এনডিসি, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (সিআইসি) মোঃ মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান সরোয়ার, ঘূর্ণিঝড় প্রস্তুত কর্মসূচি (সিপিপি) পরিচালক-সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা ৪ নম্বর ক্যাম্পে পৌঁছে ক্যাম্পে অবস্থিত বিশ্ব খাদ্য সংস্থা পরিচালিত ই-ভাউচার কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে এবং এই কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। এরপর উপদেষ্টা রোহিঙ্গাদের ডাটা কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় রেশনসামগ্রী উত্তোলন পদ্ধতিও সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

উপদেষ্টা উখিয়া রোহিঙ্গা  ক্যাম্পে পৌঁছে হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অভ্ বাংলাদেশ কর্তৃক পরিচালিত হোপ ফিল্ড হসপিটাল পরিদর্শন করেন। এ সময় উক্ত হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গাদের চিকিৎসা সেবা নিয়ে মতবিনিময় করেন এবং হাসপাতালের সুযোগ সুবিধা দেখেন। তিনি রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সিআইসি অফিস সংলগ্ন ওয়াচ টাওয়ার থেকে রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক দৃশ্যও অবলোকন করেন।

পরে উপদেষ্টা  শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের ইউএন অর্গানাইজেশন, এইএনজিওএস, এনজিও এস-সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।