উন্নত জীবন আর ভালো বেতনের আশায় জীবিকার তাগিদে রাশিয়া গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন, মাদারীপুরের সুরুজ কাজী (৩০) নামের এক যুবক।
তিনি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগছড়া গ্রামের শাহাবুদ্দিন কাজীর ছেলে। অভিযোগ রয়েছে,দালালের ফাঁদে পড়ে রাশিয়ায় গিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়ে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে ড্রোন হামলা ও মাইন বিস্ফোরণে নিহত হন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সুরুজের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এই ঘটনার পর নিহতের পরিবার ও স্থানীয়রা জড়িত দালাল চক্রের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ মাস আগে সুরুজ কাজীকে রাশিয়ার একটি কোম্পানিতে ভালো বেতনের চাকুরির প্রলোভন দেখান মাদারীপুর সদর উপজেলার খাকছাড়া গ্রামের স্থানীয় দালাল দিলু মাতুব্বর ও একই এলাকার ঢাকায় অবস্থানরত জাফর মাতুব্বর। দালালদের আশ্বাসে রাশিয়া যেতে পরিবার ৮ লাখ টাকা জোগাড় করে দালালদের হাতে তুলে দেয়। এরপর জাফর মাতুব্বরের এজেন্সির মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমান সুরুজসহ গ্রামের আরও যুবক।সেখানে পৌঁছানোর পর সুরুজ জানতে পারেন, তিনি দালালের প্রতারণার শিকার হয়েছেন।
একপর্যায়ে বাধ্য হয়ে চুক্তিতে সই করে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন তিনি এবং তাকে পাঠিয়ে দেওয়া হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে।যুদ্ধক্ষেত্র থেকে সুরুজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন একই গ্রামের বাসিন্দা ও তার সহপাঠী সাব্বির মাতুব্বর।তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও বার্তা পাঠান সাব্বির। সেই বার্তায় তিনি যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি ড্রোন হামলা ও মাইন বিস্ফোরণে সুরুজসহ একাধিক বাংলাদেশী যুবকের নির্মম মৃত্যুর বিষয়টি তাদের পরিবারকে জানান।
নিহত সুরুজের বড় বোন শারমিন আক্তার কান্না জড়িত কন্ঠে জানান,আমার ভাইরে গ্রামের দিলু দালাল আর ঢাকার জাফর দালাল দুইজনে মিল্লা কোম্পানির চাকুরির দেওয়ার কথা বলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সেনাবাহিনীর কাছে বেইচ্চা ফালাইছে। আমি ওই দালালদের ফাঁসি চাই, আমার ভাইরে ফেরত চাই।নিহত পরিবার ও স্থানীয়রা এখন দালালের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুরুজের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
এব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল-নোমান বলেন, ‘রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে সুরুজ নামে এক যুবক মারা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালযয়ের মাধ্যমে তাঁর লাশটি দেখে কিভাবে আনা যায় সেই বিষয়টি অবশ্যই আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।
তবে তিনি কিভাবে রাশিয়ার সেনাবাহিনীতে ঢুকে পড়লেন তা আমাদের জানা নেই। কিন্তু প্রবাসী অধ্যুষিত এই এলাকা থেকে অনেকেই রাশিয়াতে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ছেন। আমরা মনে করি এটি একটি ফাঁদ। এই ফাঁদে অভিবাসনপ্রত্যাশিদের সর্তক থাকতে অনুরোধ জানান তিনি।
এ ক্যটাগরির আরো খবর..