ডাসার প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ খালিয়া গ্রামে বিয়ের দাবীতে গত শনিবার থেকে প্রেমিকা (১৬) প্রেমিক অনুপ মন্ডল (২৬) এর বাড়ীতে অবস্থান করে অনশন করে আসছে।
জানা গেছে, রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের লাউসার গ্রামের বাড়ৈ বাড়ির মেয়ে চৌয়ারীবাড়ী ভেন্নাবাড়ী মতিলাল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর সাথে একই উপজেলার খালিয়া ইউনিয়নের দক্ষিণ খালিয়া গ্রামের অরুণ মন্ডলের ছেলে অনুপ মন্ডলের গত ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে সাথে নিয়ে বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে।
সম্প্রতি প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক অনুপ মন্ডল অসম্মতি জানায়। ফলে বিয়ের দাবীতে ঐ প্রেমিকা তার প্রেমিক অনুপের বাড়ীতে শনিবার থেকে অবস্থান নিয়ে অনশন করেছে।
প্রেমিকা জানায়, অনুপের বাড়ীতে অবস্থান করার সাথে সাথে তার বাড়ীর লোকজন আমার উপর শারিরিক নির্যাতন করে ঘর থেকে বের করে দেয়। তারা ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরে শনিবার রাত দুই টার দিকে পুলিশ এসে বাড়ীর পাশেই আমার বোন জামাই এর বাড়ীতে আমাকে জোর করে রেখে যায়।
এসময় সে আরো বলেন, অনুপের সাথে আমার বিয়ে হবে, নতুবা আমি না খেয়ে এই বাড়ীতে মরে যাব।
রাজৈর থানার এএসআই মো. সালাউদ্দিন জানায়, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মামা কমলেশ বিশ্বাস ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পলাতক প্রেমিক অনুপকে ৭ দিনের মধ্যে হাজির হতে বলেছি।




