রাজধানীতে আতশবাজি ফুটিয়ে খ্রিষ্টীয় নতুন বর্ষবরণ, বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড, আহত তিন

রাজধানীতে আতশবাজি ফুটিয়ে খ্রিষ্টীয় নতুন বর্ষবরণ, বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড, আহত তিন

কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীতে ইংরেজি নববর্ষ উদযাপনের অংশ হিসেবে ব্যাপক আতশবাজি ফুটানো হয়েছে। ফানুস ও আতশবাজি পোড়ানোর ঘটনায় দুই শিশু দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আবার উড়ানো জ্বলন্ত ফানুস পড়ে রাজধানীর ধানমন্ডি ও মিরপুরসহ কয়েক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (১ জানুয়ারি) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে জানা যায়, ইংরেজি নতুন বছর বরণে পটকা ফোটানোর কারণে দুই শিশু দগ্ধ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে একজনের নাম ফারহান (৮)। তার শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরেক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের বিস্তারিত ঘটনা জানা যায়নি।

আহত শিশুদের পরিবারের বরাত দিয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান বলেন, নতুন বছর বরণ করতে রাস্তাঘাটে পটকা ফোটানোর কারণে তারা দগ্ধ হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায় রাত ১২টা ৩৭ মিনিটে খবর আসে মিরপুর ১১ নম্বর এলাকায় এক ডাস্টবিনের ময়লায় অগ্নিকাণ্ড হয়। পরে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলে খবর আসে আগুন নিভে গেছে।

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে রাত ১২টা ৫৩ মিনিটে খবর আসে ল্যাবএইড হাসপালের পাশে স্বপ্ন সুপার শপের পরিত্যক্ত মালামালে ফানুস পড়ে আগুন লেগেছে। ধোঁয়ায় আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে অবশ্য ফায়ার সার্ভিসের ইউনিট যাওয়ার আগেই আগুন নিভে যায়।

প্রসঙ্গত, পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও এবারও আইন অমান্য করে রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়ে ২০২৫ সালকে স্বাগত জানায় ঢাকাবাসী। আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। এর সঙ্গে রয়েছে পটকার শব্দ, তবে এবার সংখ্যায় ফানুস কম। যদিও নিষেধাজ্ঞা ছিল এসব আয়োজনে। কিন্তু সব নিষেধাজ্ঞা ভেঙে এবারও নতুন বছরকে উদযাপনে ছিল আতশবাজি-ফানুসের আয়োজন।

উল্লেখ্য, কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীতে সব শ্রেণি-পেশার মানুষ খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করে নিতে উল্লাসে মেতে ওঠেন। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলতে থাকে ‘হ্যাপি নিউ ইয়ার’ লিখে সবাইকে শুভেচ্ছা জানানো। এভাবেই ২০২৫ সালকে বরণ করে নিল বাঙালি জাতি। রাত ১২টা বাজতেই আতশবাজির ছটায় রঙ্গিন হয়ে উঠে রাতের আকাশ। নববর্ষের শুরুতে আতশবাজির পাশাপাশি, ফানুস উড়ানো ও উচ্চস্বরে গান বাজানো ও প্রায় বাড়ির ছাদে রাতভর চলেছে ডিজে পার্টির উন্মাদনা। তবে তীব্র শব্দে শিশু ও রোগীরা চরম বিপাকে পড়েছেন।

তবে এবারও বিধিনিষেধের বেড়াজালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বহিরাগত মানুষ প্রবেশ করতে পারেন। তাই বর্ষবরণে তারুণ্যের সেই উদ্দামতা দেখা যায়নি। এর আগে সন্ধ্যা থেকেই তল্লাশিচৌকি বসানোয় সেখানে বাইরের মানুষ যেতে পারেননি। তবে রাত ১২টা বাজতেই বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী টিএসসিতে জড়ো হয়ে উল্লাস প্রকাশের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানান।

এদিকে, আইন অমান্য করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, পুরান ঢাকার গেন্ডারিয়া, সুত্রাপুর, ওয়ারী, শাঁখারীবাজার, চকবাজার, লালবাগ, হাজারীবাগ, আজিমপুর, নিউমার্কেট, ধানমন্ডিসহ বিভিন্ন স্থানে নতুন বছরের প্রথম প্রহরে মুহুর্মুহু আতশবাজি ফুটানোসহ বিভিন্ন সড়কে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ঢাকাবাসী।

এর আগে ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত উন্মুক্ত স্থানে যেকোনো অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ ছিল। পাশাপাশি, সব বার বন্ধ রাখা এবং হোটেলগুলোর সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজনের শর্ত জারি করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।