স্টাফ রিপোর্টারঃ নতুন আইনে কন্যাশিশুর বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছর রাখার দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন।
আজ রোববার সকালে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান।
আইনের আধুনিকীকরণের লক্ষ্যে, সরকার কন্যাশিশুর বিয়ের বয়স শর্ত সাপেক্ষে ১৬ বছর রেখে বাল্যবিবাহ নিরোধ নতুন আইন পাস করতে যাচ্ছে। এটি করা হলে তা হবে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় প্রতিবন্ধক। আর আশঙ্কাজনক হারে বেড়ে যাবে নারী নির্যাতন, শিশু ও মাতৃমৃত্যু হার। বাধাগ্রস্ত হবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা—এসডিজি অর্জন করা। তাই নতুন আইনে কন্যাশিশুর বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছর রাখার দাবি ব্ক্তাদের।
আমাদের সময় ডটকমের সম্পাদক নাঈমুল ইসলাম খান, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আক্তার জলি ও বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বৈঠকে বক্তব্য দেন।


