মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে উন্নয়নের অগ্রযাত্রায় সরকারী আইনি সেবার সাফল্য-প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মিলনায়তনে জেলা লিগ্যাল এইড কমিটি ওই সেমিনারের আয়োজন করে।
মেহেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম শিরিন নাহারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ম্যজিষ্ট্রেটের প্রতিনিধি সহকারী কমিশনার মিথিলা দাস,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শাহিন রেজা।
জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেল্লাল হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম,জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিকুল আলম,ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জামান,আনারুল ইসলাম, মেহেরপুর জেলা ব্র্যাক প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ।
সেমিনারে দরিদ্র ও অসহায় মানুষের বিনা খরচে আইনি সহায়তা পাওয়া নিয়ে আলোচনা করা হয়। দরিদ্র জনগোষ্ঠীকে বিনা খরচে আইনি সহায়তা দেওয়ার জন্য প্রতিটি জেলার ন্যায় মেহেরপুরেও একটি অফিস স্থাপন করা হযেছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইনগত সহায়তা কমিটি গঠন করা হয়েছে।
আইনি সেবা প্রত্যেকটি নাগরিক যাতে পেতে পারে সে ব্যাপারে সচেতনতার লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের ভুমিকা রাখার আহবান জানানো হয়। সেমিনারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন।




