মাগুরা প্রতিনিধি :- মানহানীর মামলায় দৈনিক আমারদেশ পত্রিকার সম্পাদক ও সাবেক জ্বালানি উপদেষ্টা প্রকৌশলী মাহমুদুর রহমান আজ সোমাবার মাগুরা জজ আদালতে হাজিরা দিলে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এস এম জিয়াউর রহমান তার জামিন মঞ্জুর করেছেন।
গত বছরের ১ডিসেম্বর বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রীসহ তার পরিবার সম্পর্কে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে গত ১২ ডিসেম্বর মাগুরা জজ আদালতে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক এ্যাডভোকেট আশরাফ হোসেন লিটন বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়ে আজ সোমবার নির্ধারিত তারিখে এ্যাডভোকেট শাহেদ হাসান টগরের মাধ্যমে আদালতে হাজিরা দেন। এ সময় তার সাথে মাগুরার অর্ধশত আইনজীবি যোগদেন। আদালতের বাইরে তাকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ, মাগুরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ আলি করিমসহ কয়েকশত বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।
আদালত থেকে জামিন পেয়ে স্থানীয় সাংবাদিকদের মাহমুদুর রহমান বলেন, দেশের বিভিন্ন জেলায় ১১৭ টি মিথ্যা মামলা দিয়ে তাকে বর্তমান সরকার হয়রানী করছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে ফ্যাসিস সরকার। তাকে মুক্ত করতে এবং দেশের গনতন্ত্র ফিরিয়ে আনতে সকলকে দল মতের উর্দ্ধে পাড়া মহল্লায় আন্দোলনের আহবান জানান তিনি।




