ঢাকা, ৮ আষাঢ় (২২ জুন) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচ সচিব Dinesh Kumar Ghimire আজ প্রতিমন্ত্রীর বারিধারার বাসভবনে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পুনরায় নির্বাচিত হয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান নেপালের জ¦ালানি সচিব। তিনি বলেন, সরকারি ও বেসরকারি সকল বিনিয়োগকে নেপালের সরকার স্বাগত জানাবে। বিদ্যুৎ সহযোগিতায় নেপালের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে। স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুসারে সহযোগিতার নতুন নতুন পদ্ধতি খুঁজে বের করা আবশ্যক। তিনি এ বছরের আগস্টের দ্বিতীয় সপ্তাহে নেপালে অনুষ্ঠিতব্য সার্ক এনার্জি মিনিস্টার মিটিংয়ে নসরুল হামিদকে আমন্ত্রণ জানান।
নসরুল হামিদ বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো বিষয়ে Dinesh Kumar Ghimire -কে অবহিত করে বলেন, বাংলাদেশে বিনিয়োগের বিশাল ক্ষেত্র সৃজন হয়েছে। প্রচুর বিদ্যুৎ প্রয়োজন। নেপাল ও ভুটান হতে আমরা বিদ্যুৎ আমদানি করতে আগ্রহী। এমনকি বিনিয়োগ করেও বিদ্যুৎ আনা যেতে পারে। বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানও নেপালের বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।
উল্লেখ্য, গত ২১ জুন ২০১৯ এ কক্সবাজারে বিদ্যুৎ খাতে সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ-নেপাল যৌথ স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ ও নেপালের মাঝে বিদ্যুৎ বাণিজ্য, নেপালে জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ, ক্রস বর্ডার সংযোগ, বেসরকারি সংস্থার নেপালের জলবিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন, ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি, সোলার হোম সিস্টেম সংক্রান্ত বিষয়ে নেপালকে সহযোগিতা ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেপাল ইলেক্ট্রিসিটি অথরিটির ব্যবস্থাপনা পরিচালক কুলমান ঘিশিং, নেপালের পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রবীণ রাজ এরিয়াল ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ধন বাহাদুর অলি।



