বিশেষ প্রতিবেদকঃ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণ মামলার আসামি এবং জেএমবি’র শুরা সদস্য দক্ষিণ বাংলাদেশের অঞ্চল প্রধান আবু সাঈদ ওরফে কারীম ওরফে তালহা ওরফে শ্যামলকে (৩৬) গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা ইউনিট।
শুক্রবার রাত ১টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা একটি নাইনএমএম পিস্তল, ম্যাগাজিন, আটটি গুলি, একটি চাকু ও একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার সকাল সোয়া ৮টায় জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবু সাঈদ ওরফে কারীম ওরফে তালহা ওরফে শ্যামল ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বোমা হামলা মামলার অন্যতম আসামি। তিনি ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের একজন।
বেলা ১টায় সংবাদ সম্মেলন করে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান সনাতন চক্রবর্তী।
২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান শহরের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণে দুজন নিহত হন। বাংলাদেশের জেএমবি এই বিস্ফোরণের ঘটনায় মূল হোতা বলে দাবি করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।




