বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ ও ১৪২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি খাতে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ ও ১৪২৬’ প্রদান করেছেন তিনি।
বুধবার (১২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
কৃষি খাতে সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতিস্বরূপ ১০টি ক্যাটাগরিতে মোট ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তৃতা করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে শারমিন আক্তার বিজয়ীদের পক্ষে তাঁর অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সাফল্য ও তার কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ৩টি স্বর্ণপদক, ২৫টি ব্রোঞ্জ পদক ও ১৬টি রৌপ্যপদক বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৭৩ সালে দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে নতুন উচ্চতায় নিতে এ পুরস্কার প্রবর্তন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এ পুরস্কার বাতিল করা হয়েছিল। কিন্তু ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার তাহবিল আইন-২০০৯’ গঠন করে। পরে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন, ২০১৬-এর আওতায় এ পুরস্কার ঘোষণা করা হয়।




