প্রতিমন্ত্রীর সাথে রিভা গাঙ্গুলীর বিদায়ি সাক্ষাতে পানাম সিটিসহ প্রত্নস্থল সংরক্ষণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

প্রতিমন্ত্রীর সাথে রিভা গাঙ্গুলীর বিদায়ি সাক্ষাতে পানাম সিটিসহ প্রত্নস্থল সংরক্ষণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ি রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাশ আজ দুপুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এর সঙ্গে তাঁর সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে বিদায়ি সাক্ষাৎ করেন।

সাক্ষাতে বন্ধুপ্রতিম প্রতিবেশী দুদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ প্রত্নস্থল সংরক্ষণ ও জাদুঘর ব্যবস্থাপনায় ভারতের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রতিমন্ত্রী প্রত্নস্থল, জাদুঘরসহ বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ ও পুনরুদ্ধারে ভারতের কারিগরী সহযোগিতা কামনা করেন। প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করে ভারতের বিদায়ি রাষ্ট্রদূত বলেন, প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ প্রভৃতি আয়োজনের মাধ্যমে এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ভারত প্রস্তুত। এমনকি করোনা মহামারীর এ সময়ে অনলাইনে এ ধরনের প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ আয়োজিত হতে পারে।

কে এম খালিদ বলেন, ঐতিহাসিক পানাম সিটি সংরক্ষণ ও পুনরুদ্ধারে ভারতের একদল বিশেষজ্ঞ সম্প্রতি পানাম সিটি পরিদর্শন করে গেছেন তাঁদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে সরকার দ্রুত কাজ শুরু করতে চায়। অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করে পানাম সিটি সংরক্ষণে বিশেষজ্ঞ দল মতামত দিয়েছে বলে রীভা গাঙ্গুলী প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত এক অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির অংশীদার। মহান মুক্তিযুদ্ধে প্রায় ১১ হাজার ভারতীয় সৈন্য শহিদ হয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীর শহিদদের অবদান স্মরণে বাংলাদেশ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে। প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষউপলক্ষে ভারতের বিভিন্ন প্রদেশে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক যেসব সাংস্কৃতিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেগুলো করোনার প্রাদুর্ভাব কমে গেলে বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিদায়ি রাষ্ট্রদূত বলেন, ভারতীয় অনুদানে রবীন্দ্র স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ির অবকাঠামো উন্নয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। এটি সমাপ্ত হলে বদলে যাবে কুঠিবাড়ির চিত্র। মূল স্থাপনার বাইরে ভারতীয় অর্থে নির্মিত হচ্ছে উন্নতমানের রেষ্ট হাউজ, আধুনিক লাইব্রেরি ও ক্যাফেটরিয়া কাম ডকুমেন্টেশন সেন্টার, উন্মুক্ত মঞ্চসহ আরো কয়েকটি প্রকল্প। প্রতিমন্ত্রীকে অবহিত করে বিদায়ি রাষ্ট্রদূত মুজিববর্ষ উপলক্ষে আমরা অনলাইনে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।