আওয়ামী লীগ সরকার দেশকে বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে চায়। তাদের মধ্যে দেশপ্রেম বলে কিছু নেই। কিন্তু চক্রান্ত করে আর ক্ষমতায় থাকা যাবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আর কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার (৩ ডিসেম্বর) সকালে সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি-জামায়াতের ডাকা নবম দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে কাকরাইল থেকে শান্তিনগর মোড় পর্যন্ত মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ আবারও ‘আমরা আর মামুরা’ (নিজেরা নিজেরাই) স্টাইলে নির্বাচন করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণ এ ধরনের নির্বাচন হতে দেবে না। মৎস্যজীবী দল আয়োজিত মিছিলটি কাকরাইল থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেন বিএনপির সহযুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, মো. শাহ আলম, কবির উদ্দিন মাস্টার, ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের সদস্য সচিব কেএম সোহেল রানা, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ বাকী বিল্লাহ প্রমুখ।
এদিকে অবরোধের আগের রাতে ২৭ মিনিটের ব্যবধানে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সায়েদাবাদ, গাবতলী টার্মিনাল ও আগারগাঁওয়ে পৃথক ঘটনায় এসব বাসে অগ্নিসংযোগ ঘটে।
গত বৃহস্পতিবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ডাক দেন রিজভী। সে সময় তিনি বলেন, সরকার পদত্যাগের একদফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার ভোর ৬টা থেকে আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সব সমমনা দল ও জোটের নেতা-কর্মীরা এ কর্মসূচি সফল করবেন।

