ঢাকা থেকে ময়মনসিংহ এবং জামালপুরের মধ্যে ৬টি রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী

ঢাকা থেকে ময়মনসিংহ এবং জামালপুরের মধ্যে ৬টি রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী

জামালপুর, ৫ কার্তিক (২১ অক্টোবর) :    রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন মুজিববর্ষ উপলক্ষে যাত্রীসাধারণের আরামদায়ক রেল ভ্রমণ নিশ্চিতকরণে বিভিন্ন রেল স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা, শেড নির্মাণ, অ্যাক্সেস কন্ট্রোল, স্টেশন বিল্ডিংয়ের আধুনিকায়ন কার্যক্রমের আওতায় আজ ঢাকা থেকে জামালপুর পর্যন্ত ৬টি স্টেশনের কার্যক্রম উদ্বোধন করেন।

৬টি স্টেশন হচ্ছে গফরগাঁও, ময়মনসিংহ জংশন, জামালপুর জংশন, মেলান্দহ বাজার, ইসলামপুর বাজার এবং দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন।

এসময় মন্ত্রী একাধিক রেলওয়ে স্টেশনে বক্তব্যে বলেন, বর্তমানে সারা দেশে অনেক প্রকল্প চলমান আছে। দেশের প্রতিটি জেলার সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা হচ্ছে। পর্যায়ক্রমে সিঙ্গেল লাইনকে ডাবল লাইন করা হচ্ছে। রেলওয়ে পূর্ব ও পশ্চিম এর মধ্যে ব্রডগেজ ও মিটারগেজ বিভাজন থাকায় সব জায়গায় ব্রডগেজ করা হচ্ছে। মন্ত্রী এ সময় তিনি বলেন জয়দেবপুর থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত ডুয়েল গেজ লাইন নির্মাণ করা হবে। এছাড়া এ অঞ্চলের  স্টেশনগুলোকে আধুনিকমানে উন্নীত করা হচ্ছে।

মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন,  মুজিববর্ষ উপলক্ষে উভয় অঞ্চলে ৫৪ টি রেলস্টেশন আধুনিকায়ন করা হচ্ছে।  মন্ত্রী এ সময় রেলওয়ের চলমান কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে বলেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, চট্টগ্রাম থেকে কক্সবাজার নতুন রেললাইন নির্মাণ, দ্বিতীয় বঙ্গবন্ধু সেতু নির্মাণ প্রকল্প, খুলনা থেকে মংলা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ কাজ চলমান আছে। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ মাধ্যম গঠনের লক্ষ্যে সারাদেশে রেলওয়ের উন্নয়ন কাজ করা হচ্ছে। রেলওয়ের অব্যবহৃত ভূমি সম্পর্কে  মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সকল জমিকে ব্যবস্থাপনায় নিয়ে আসা হবে।  নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে সরাসরি জমি লিজ প্রদান করা হবে। কোনো তৃতীয় পক্ষ থাকবে না।

একটি বিশেষ ট্রেনযোগে মন্ত্রী আজ ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত এ স্টেশনগুলো পরিদর্শন করেন। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান একই ট্রেনে ভ্রমণ করেন। তিনিও বিভিন্ন স্টেশনে বক্তব্য রাখেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলের কর্মকর্তাগণ সাথে ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।