অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ ভারতে মালবাহী ট্রেনে কাঁটা পড়ে নিহত হয়েছে প্রায় ১৬ জন শ্রমিক। বেঁচে যাওয়া পাঁচজনের মধ্যে একজন আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজন মানসিকভাবে ভেঙে পড়েছেন।
ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ জেলায়। শুক্রবার সকালে বদলাপুর ও করমাদ স্টেশনের মাঝামাঝি স্থানে পারভানী-মনমাদ এলাকায় এ ঘটনায় নিহত হয়েছেন কয়েকজন। আহতদের উদ্ধার করে আওরঙ্গবাদ সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে।
দি নিউজের ভারত প্রতিনিধি জানান, ওই শ্রমিকরা দীর্ঘদিন আটকে থাকার পর রেললাইন ধরে হেঁটে মধ্যপ্রদেশে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। তারা রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ায় করমাদের কাছে লাইনের ওপরেই ঘুমিয়ে পড়েছিলেন। ট্রেনের চালক চেষ্টা করেও দ্রুতগামী মালবাহী ট্রেন থামাতে ব্যর্থ হওয়ায় ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায়।
ভারতের রেল মন্ত্রণালয় টুইটে জানিয়েছে, ‘শুক্রবার ভোরে রেললাইনের ওপর কিছু শ্রমিক দেখে ট্রেনের চালক ট্রেন থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেননি। তবে ঘটনাটি কীভাবে ঘটলো তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’
দেশটির দক্ষিণ রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে রেল সুরক্ষা বাহিনী এবং পুলিশ ঘটনা স্থলে পৌঁছায়।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মোকশাদা পাতিল জানান, বেঁচে যাওয়া পাঁচজনের মধ্যে একজন আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজন মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনার আগে তাদের কাউন্সেলিং করা হচ্ছে।



