টাঙ্গাইলে ছাত্রলীগের অর্ধদিবস হরতাল পালিত

বিশেষ প্রতিবেদকঃ  টাঙ্গাইলের সখীপুর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালন করছেন স্থানীয় সংসদ সদস্য সমর্থিত পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা। হরতালের সমর্থনে শুক্রবার সকালে উপজেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত আটটার দিকে সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজীব আহমেদকে আহ্বায়ক ও খান রফিককে যুগ্ম-আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শুক্রবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দেয় পদবঞ্চিত নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম সমর্থিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজীব আহমেদকে আহ্বায়ক ও খান রফিককে যুগ্ম-আহ্বায়ক করে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ।

এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কমিটিকে অবৈধ ঘোষণা করে তা বাতিলের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে।

পরে তারা লাঠি-সোটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে ঢাকা-সখীপুর সড়কের মোখতার ফোয়ারা চত্বর অবরোধ করে জোয়াহেরুল ইসলামের ছবিতে আগুন দেয়।

 এসময় তারা জোয়াহেরুল ইসলামের সাঁটানো বিলবোর্ড ভাংচুর করে এতে আগুন ধরিয়ে দেয়। পরে সমাবেশে শুক্রবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল করার ঘোষণা দেয়া হয়।

এ বিষয়ে মির্জা শরীফ বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাব খাটিয়ে অছাত্রদের দিয়ে পকেট কমিটি ঘোষণা করিয়েছেন। নিয়মিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে যে কমিটি করা হয়েছে তা বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে।

সদ্যঘোষিত কমিটির আহ্বায়ক সজীব আহমেদ বলেন, নিয়মতান্ত্রিকভাবেই ছাত্রলীগের কর্মীদের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। যারা মিছিল করছে তারা ছাত্রলীগের কেউ নন।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রনি আহমেদ বলেন, গঠনতন্ত্র অনুসারে নিয়মিত ছাত্র ও ত্যাগী কর্মীদের দিয়েই কমিটি দেয়া হয়েছে।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, যেকোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।