টাকা-পয়সা দিলে কর্মী বানাবেন না: কাদের

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,কাদের বলেন, টাকা-পয়সা দিলে কর্মী বানাবেন না। তারা পরে থাকবে না। দলের জন্য ত্যাগী, যোগ্যদেরই নেতৃত্বে আনবেন। কারোর পকেট ভরে কমিটি দিলে চলবে না। আপনি এখন নেতা। যখন আপনি বিদায় নেবেন, তখন নতুনরা আপনাকে কী হিসেবে চিনবেন, সেটা নিয়ে একটু ভাববেন। টাকা-পয়সা দিয়ে নেতা বানালে তারা আপনাদের দিকে চেয়েও তাকাবে না। আপনি বিদায় নিলে আপনার পেছনে শুধু আদর্শের কর্মীরাই থাকবে।’

কাদের বলেন,  জেলকোড (কারাবিধি) অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে ব্যবস্থা নিচ্ছে যথাযথ কর্তৃপক্ষ। এ বিষয়ে সরকার অমানবিক নয় বলেও জানান তিনি। আজ রোববার সকালে টিএসসিতে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জাতীয়তাবাদী চিকিৎসকদের সার্টিফিকেট নিয়েও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে কাদের বলেন, পলাতক কাউকে এ দেশের মানুষ নেতা হিসেবে মানবে না। কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় হামলার ঘটনায় বিএনপির যোগসাজশ থাকতে পারে বলেও মন্তব্য করেন কাদের।

ছাত্রলীগকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চরিত্রবানরাই হবে ছাত্রলীগের নেতা। তারাই আগামী দিনের নেতৃত্বে আসবে। কোনো ধরনের অনু্প্রবেশকারী, পরগাছা যেন নেতৃত্বে না আসতে পারে, সেদিকে সজাগ থাকতে হবে।

সম্মেলনে ছাত্রলীগের সাবেক এই সভাপতি ঘোষণা দেন, ‘কোনো সিন্ডিকেট দিয়ে ছাত্রলীগ চলবে না। বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ চলবে। এর বাইরে কোনো ভাবনাচিন্তা নেই।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘খালেদা জিয়াকে আদালত জেল দিয়েছে। জেলকোড অনুযায়ী খালেদা জিয়াকে সুচিকিৎসা দেবেন। তাঁকে দেখার জন্য সুচিকিৎসক, জাতীয়তাবদী চিকিৎসকরা আছেন। কিন্তু বিএনপি তাঁকে নিয়ে যে মিথ্যাচার করছে, আসলে জাতীয়তবাদী চিকিৎসকরা চিকিৎসা করলে যে সার্টিফিকেট দেবেন, সেখানে তো সন্দেহ থাকবেই।’

লন্ডনে অবস্থানরত তারেক রহমানের উদ্দেশে কাদের বলেন, ‘তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন। সেই মুচলেকায় তিনি লিখেছেন যে তিনি আর রাজনীতি করবেন না। আমাদের কাছে সেই কাগজপত্র আছে। সে সময় তিনি বিদেশে গেলেন চিকিৎসা নিতে। এখন বলেন রাজনৈতিক আশ্রয়। হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না। সত্যকে কখনো চাপা রাখা যায় না।’

বিএনপি আলোচনার পরিবেশ নষ্ট করেছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আপনাদের বারবার আলোচনার কথা বলেছিলেন। আপনারা বারবার সেটা প্রত্যাখ্যান করেছেন। এখনো দলের নেতারা অশ্রাব্য ভাষায় গালাগাল করতেছেন। আপনারাই তো ডায়ালগের পরিবেশ নষ্ট করছেন।’

এর আগে সাধারণ শিক্ষার্থীদের ২০ দফা দাবি নিয়ে স্মরণিকা ও ঢাবি শাখা ছাত্রলীগের ওয়েবসাইট উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় ছাত্রলীগের ঢাবি সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন কোর্স বাতিলের দাবি জানান মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এই সম্মেলনের উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।