জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ
জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে বগুড়ায় জামায়াত সমর্থিত সাত আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার (১৭ আগস্ট) দুপুরে তারা বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীরা হলেন- অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) শাফিকুর রহমান শাফি, অতিরিক্ত গভর্নমেন্ট প্লিডার (অতিরিক্ত জিপি) এমদাদুল ইসলাম এবং সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আরিফুর রহমান, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, ইন্দ্রজিৎ ও আতাউর রহমান সবুজ।

পদত্যাগকারী সাত আইন কর্মকর্তাই জামায়াতে ইসলামী-সমর্থিত বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য বলে জানা গেছে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা বগুড়া জজ কোর্টে রাষ্ট্রীয় আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পদত্যাগের বিষয়ে অতিরিক্ত পিপি শাফিকুর রহমান শাফি বলেন, জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।

একইভাবে বিচার বিভাগের জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বিরোধিতা এবং বিচার বিভাগের স্বাধীনতাসংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান নিয়েও আমি উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারপতি নিয়োগে সরকার ও সরকারি দলের প্রভাব জুলাই পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

শাফিকুর রহমান শাফি বলেন, এসব কারণে বিবেকের তাড়নায় দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের বগুড়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন।

তিনি বলেন, আমরা বিচার বিভাগের স্বাধীনতা চেয়েছিলাম। এ দাবিতে বিএনপির সঙ্গে আমরা একসঙ্গে আন্দোলন করেছি। কিন্তু সরকারে আসার পর বিএনপি সেই দাবি বাস্তবায়ন করেনি। এর প্রতিবাদেই আমরা পদত্যাগ করেছি।

সাত আইন কর্মকর্তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, সোমবার দুপুরে সাতজন আইন কর্মকর্তা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিধি অনুযায়ী পদত্যাগপত্রগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।