শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে আগামীকাল শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শোভাযাত্রা চলাকালে নগরবাসীকে কয়েকটি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে ৯টি নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার রুট হিসেবে নির্ধারণ করা হয়েছে—ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপ শাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক।
শোভাযাত্রার রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং না করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি। পাশাপাশি উচ্চ স্বরে পিএ বা সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের শুরুতেই শোভাযাত্রায় যোগ দিতে হবে। মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না। নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোঁটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্লেড, দেশলাই ও গ্যাস লাইটারসহ কোনো ধরনের ঝুঁকিপূর্ণ সামগ্রী সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না।
এ ছাড়া শোভাযাত্রা চলাকালে রাস্তায় কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না এবং অহেতুক দাঁড়িয়ে থেকে যানবাহন বা মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে জানাতে হবে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলার পাশাপাশি ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করতে বলা হয়েছে।
শোভাযাত্রা চলাকালে নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহার করে চলাচলের অনুরোধ জানিয়েছে ডিএমপি।



